না ফেরার দেশে পাড়ি জমালেন ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য এবং চেলসির সাবেক গোলরক্ষক পিটার বোনেত্তি। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি।
বোনেত্তি গত শতকের ৬০ ও ৭০-এর দশকে চেলসির গোলকিপিং সুপারস্টার হিসেবে পরিচিত ছিলেন। চেলসি যাকে নিজেদের ইতিহাসে সর্বকালের সেরাদের একজন হিসেবে মর্যাদা দিয়েছে। সতীর্থরা তাকে ডাকতেন ‘দ্য ক্যাট’ বলে।
ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপ জয়ী দলের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি বোনেত্তির। ইংল্যান্ডের হয়ে মোট ৭টি ম্যাচ খেলেছেন। ১৯৭০ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে খেলেন। ম্যাচটি হেরে যায় ইংল্যান্ড।
চেলসির হয়ে ৭২৯টি ম্যাচ খেলেছেন বোনেত্তি। ইংলিশ ক্লাবটির জার্সিতে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু রোন হ্যারিস। ক্লাবটির হয়ে ‘ক্লিন শিট’ রাখার রেকর্ড ২০১৪ সাল পর্যন্ত বোনেত্তির দখলে ছিল।
যুক্তরাষ্ট্রের দল সেন্ট লুসিয়া স্টার, ডান্ডি ইউনাইটেডেও খেলেছেন বোনেত্তি।
