‘ফাঁকা গ্যালারিতে আইপিএল সম্ভব, বিশ্বকাপ নয়’

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১১:৩০ পিএম

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, নতুন সূচি প্রকাশ করে ফাঁকা গ্যালারিতে আইপিএল আয়োজিত হতে পারে। তবে বিশ্বকাপ ফাঁকা গ্যালারিতে আয়োজন সম্ভব নয়।

গত ২৯ মার্চ আইপিএল শুরুর কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায়। আদৌ এই আসর মাঠে গড়াবে কিনা সে নিয়ে আছে প্রশ্ন। এদিকে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার বসার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই আসরের ভাগ্যও কী আছে সেটিও বলা মুশকিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি স্থগিত হয়, তবে সেই সময়ে আইপিএল হতে পারে বলে কদিন আগে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছিলেন। অনেকে ফাঁকা গ্যালারিতে আইপিএল আয়োজনের প্রস্তাবও দিচ্ছেন। পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে বিশ্বকাপও কী ফাঁকা গ্যালারিতে হতে পারে?

ম্যাক্সওয়েল মনে করেন, দর্শক উপস্থিতি নিশ্চিত যদি সম্ভব না হয়ে সে ক্ষেত্রে আইপিএল আয়োজনই ভালো। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আইপিএল দর্শকহীন স্টেডিয়ামে হতেই পারে। কিন্তু দর্শকশূন্য অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভাবা সম্ভবই নয়।’

‘মাঠে একটা লোকও থাকবে না এই অবস্থায় বিশ্বকাপ হবে, এমন কথা কেউ কল্পনাও করতে পারে না। নিকট ভবিষ্যতে কী সেটি দেখার। আমাদের সবার স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে ভাবতে হবে।’ যোগ করেন ম্যাক্সওয়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত