সারা দেশে নিরন্ন ও অসহায় মানুষদের ত্রাণ দেবে বিএনপি। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া দলটির অঙ্গ সংগঠনগুলোও দেশব্যাপী ত্রাণ বিতরণ করছেন। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মহাসচিব মির্জা ফখরুলের তত্ত্বাবধানে জেলা বিএনপির সভাপতি মো. তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা ত্রাণ বিতরণ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন করোনাভাইরাসের মারণঘাতী ছোবল থেকে জনগণকে বাঁচতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে মানুষদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও ত্রাণ দিয়েছেন।
×
