ভাইয়ের কথায় ম্যান ইউ ছেড়েছিলেন পগবা

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০২:৫৩ পিএম

বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় ২০১২ সালে পরিবারের পরামর্শে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পল পগবা। জানিয়েছেন, ওই সময় তার থেকে ক্লাবের ওপর তার ভাই-ই বেশি রেগে ছিলেন।

তারকা এই মিডফিল্ডার ওল্ড ট্র্যাফোর্ডের যুবদল থেকে স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে আলোয় আসেন। কিন্তু খুব একটা মাঠে নামার সুযোগ না পাওয়ায় ২০১১/১২ মৌসুমে জুভেন্তাসে পাড়ি দেন। পরে মরিনহো দায়িত্ব নিলে ২০১৬ সালে আবার ফিরে আসেন।

‘আমার ভাই, ইউনাইটেডের ফ্যান, ও ক্লাবের উপর দারুণ রেগে ছিল। একদিন বলল, আর থেক না; এখনই চলে যাও। খেলার সুযোগ না পেলে থেকে কী হবে।’

শুধু ভাই নয়, ওই সময়ে ম্যান ইউর ওপর পগবার মা-ও রেগে ছিলেন। গোলডটকমকে তিনি বলেন, ‘ভাইয়ের মতো মা-ও একই কথা বলতেন।’

মরিনহোর অধীনে অসমাপ্ত কাজ শেষ করার ইচ্ছা নিয়ে পগবা আবার  ম্যান ইউতে চলে আসেন, ‘মনে হয়েছিল যা করতে পারিনি, তাই করার সময় এসেছে।  যে দলকে ভালোবাসি, সেখানে সব উজাড় করে দিতে চাই।

নিজের সর্বোচ্চটা দিতে চাইলেও পগবা ইনজুরির কারণে পারছেন না। এই মৌসুমে ইউনাইটেডের হয়ে মাত্র ৮ ম্যাচ খেলেছেন। ডিসেম্বরের শেষ সপ্তাহের পর আর মাঠেই নামা হয়নি পায়ের চোটে। প্রথমে ভেবেছিলেন চিড় ধরেছে শুধু। পরে দেখা গেল সমস্যা আরও বড়। জানুয়ারিতে অস্ত্রোপচার করে বেশ কিছুদিন প্লাস্টার নিয়ে বসে থাকতে হয়েছে। সেরে উঠে যখন মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ছড়িয়ে পড়ল করোনাভাইরাস। পগবার অপেক্ষাও তাই বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত