বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে আবারও তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন লিয়াকত আলী লাকী। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব অলিউর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘লিয়াকত আলী লাকীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে লিয়াকত আলী লাকীর নিয়োগের পর ২০১১ সালের ৭ এপ্রিল, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি এবং ২০১৬ সালের ২৭ মার্চ, ২০১৮ সালের ১৯ মার্চ তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছিল সরকার। সবচেয়ে বেশি সময় মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সবশেষ তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় গত ১০ এপ্রিল। এর আগের দিন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মো. আব্দুল মান্নান ইলিয়াসকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করবেন আব্দুল মান্নান ইলিয়াস।
শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, ১৩ এপ্রিল থেকেই পুনরায় দায়িত্বে যোগদান করেছেন লিয়াকত আলী লাকী।
