স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানালেন মেসি

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১০:৩৯ পিএম

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে পুরো বিশ্ব। মরণঘাতী এই ভাইরাসে আক্রান্তদের সুস্থ করে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। যাদের ধন্যবাদ জানালেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা লিওনেল মেসি। স্বাস্থ্যকর্মীদের তিনি বীর হিসেবে আখ্যা দিয়েছেন।

স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে মেসি শনিবার রাতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। আর্জেন্টাইন এই তারকা ইউনিসেফের বিশেষ দূত। শনিবারই শেষ হয়েছে অষ্টম বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ। সেই উপলক্ষেই স্বাস্থ্যকর্মীদের নিয়ে পোস্টটি করেন মেসি।

মেসির করা পোস্টের ছবিতে দেখা যাচ্ছে সদ্যোজাত এক শিশুকে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক স্বাস্থ্যকর্মী। সেই ছবির ক্যাপশনে বড় বার্তা দিয়েছেন মেসি, ‘গতকাল বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ শেষ হলো। তারা যে কাজ করছেন সেটির জন্য ইউনিসেফকে সঙ্গে নিয়ে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি নাম না জানা সেই সব বীরকে, যারা পরিবার থেকে দূরে থেকে দিনরাত পরিশ্রম করে চলেছেন আমাদের কোভিড ১৯ ভাইরাস থেকে বাঁচাতে। ধন্যবাদ জানাচ্ছি কারণ এত কিছুর পরও তারা কাজ করে যাচ্ছেন গর্ভবতী নারী, শিশু ও কিশোরদের যত্নে।’

হ্যাশট্যাগ দিয়ে মেসি এই সময়ে সবাইকে ঘরে থাকার অনুরোধও জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত