দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার পহেলা বৈশাখে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, ‘রাত পোহালেই পহেলা বৈশাখ ১৪২৭। বাংলা সনের প্রথম দিন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বল আনন্দময় উৎসব। এই উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সব ব্যর্থতা, জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর সমৃদ্ধ আগামী বিনির্মাণে এগিয়ে যাওয়া। বর্তমান দুঃসময়, মহামারী ও নৈরাজ্যের অভিঘাত সত্ত্বেও আমাদের শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে। বিচ্ছেদ ও বিভাজন দূর করে পহেলা বৈশাখ ভরে উঠুক পারস্পরিক শুভেচ্ছায়।’
মির্জা ফখরুল বলেন, ‘এবারের নববর্ষের উৎসবে আমরা বিমর্ষ ও বেদনার্ত। দুনিয়াজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবনে যে বিয়োগান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বর্ণনা করার ভাষা আমার জানা নেই। দেশে দেশে করোনার আক্রমণে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে, আক্রান্ত হচ্ছে অগণিত মানুষ। তাই এবারের বাংলা নববর্ষের উৎসব ঐতিহ্যের ধারা বেয়ে পালন করা সম্ভব হচ্ছে না। দেশের মানুষকে অনুরোধ করব, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি উৎসবের অন্তঃস্তলে থাকে কোমলতা, শ্রদ্ধা, সংকীর্ণহীনতা এবং হীনম্মন্যতা থেকে মুক্তির মন্ত্র। করোনাভাইরাসের এই আগ্রাসন থেকে মুক্তির জন্য খোলা মনে সবাইকে ঐক্যবদ্ধভাবে সেটি মোকাবিলা করতে হবে। ১৪২৭ বাংলা সনের প্রথম দিনের নতুন আলোয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে দেশের সব মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি।’
