সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী

খালেদার মুক্তির জমায়েতে করোনা আক্রান্ত সাংবাদিক

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০৩:৫০ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দলটির নেতাকর্মীরা যে জমায়েত করেছিলেন, ‘সেখান থেকে’ একজন সাংবাদিক করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ । গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

হাছান মাহমুদ বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় যেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের জনসমাগম অনুষ্ঠান বাতিল করা হয়েছে, সেখানে বেগম জিয়ার মুক্তিকালে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের জমায়েত করে যে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, তার দায়ভার তাদেরই বহন করতে হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাস মোকাবিলায় দেশের এক-তৃতীয়াংশ মানুষকে যখন সরকার সহায়তা দিচ্ছে, তখন বিএনপি ঘরে বসে এসব কাজের দোষ খোঁজায় ব্যস্ত। চিরাচরিত এ অভ্যাস থেকে তারা বেরিয়ে আসতে পারেনি।’

এ সময় তিনি ত্রাণে অনিয়মের বিচার তৎক্ষণাৎ মোবাইল কোর্টে করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘হাতেগোনা ত্রাণে অনিয়মের কয়েকটি ঘটনা নিয়ে বিএনপি যে কথা বলছে, তাতে তাদেরকে নিজেদের চেহারা আয়নায় দেখতে বলব। তারা ২০০১ সালে ক্ষমতায় গিয়ে পরপর পাঁচবার দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছিল, যে কারণে তাদেরকে অনেকে ‘বিশ্বচোর’ বলেন। তারা যুদ্ধাপরাধীদের বিচার, খালেদা জিয়া ও তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে মামলা ঠেকাতে বিদেশি লবিইস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ করেছে। তাদের বলব, বিদেশি লবিইস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ না করে সেই টাকা জনগণের জন্য খরচ করুন।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত