স্প্যানিশ নাগরিক অ্যান্দ্রেই কসচিভকে বিয়ের পর বেশিরভাগ সময়ই ভারতের বাইরে থাকেন অভিনেত্রী শ্রিয়া সরণ। বলিউড কিংবা দক্ষিণী ছবিতে সেভাবে দেখা যায় না তাকে। বর্তমানে স্বামীর সঙ্গে স্পেনের বার্সেলোনাতে রয়েছেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন।
ইউরোপে করোনাজনিত মৃত্যুর রেকর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো জেরবার হতে হচ্ছে দেশটির স্বাস্থ্য পরিকাঠামোকে।
অবস্থা এতটাই খারাপ যে, হাসপাতালে জায়গা না থাকায় শ্রিয়ার স্বামীর শরীরে করোনা উপসর্গ থাকা সত্ত্বেও ফিরিয়ে দেওয়া হয়।
১ মাস ধরেই লকডাউন চলছে বার্সেলোনায়। সরকার নিয়ম বেঁধে দিয়েছে, খুব দরকার পড়লে যেন একেকটা বাড়ি থেকে মাত্র একজনকেই বেরোতে দেওয়া হয়। সংবাদমাধ্যমের কাছে শ্রিয়া সরণ জানান, অ্যান্দ্রেইয়ের সঙ্গে একদিন বেরিয়েছিলেন অত্যাবশকীয় জিনিপত্র নিয়ে আসতে। পুলিশের নজর এড়িয়ে গিয়েছেন দুজনে একসঙ্গে। দুজনের গায়ের রঙের তফাৎ থাকায় কেউ সন্দেহ করেনি।
অভিনেত্রী আরও বলেন, অ্যান্দ্রেইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিতেই তাকে নিয়ে হাসপাতালে ছুটেছিলেন একদিন। শুকনো কাশি সঙ্গে জ্বর। কিন্তু হাসপাতালে নিয়ে যেতেই অ্যান্দ্রেইকে ফিরিয়ে দেন সেখানকার চিকিৎসকরা। বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেন।
‘দৃশ্যম’ সিনেমার এই নায়িকা বলেন, “চিকিৎসকদের কথায়, অ্যান্দ্রেইয়ের শরীরে কভিড-নাইনটিন এখনো অবধি থাবা না বসালেও এমন শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালে থাকলে সংক্রমণ ঘটতে বাধ্য।”
তাই বাড়িতেই কড়া নিয়মের মধ্যে আইসোলেশনে থাকতে বলেন চিকিৎসকরা। এমতাবস্থায় শ্রিয়া সরণও স্বামীর সঙ্গেই রয়েছেন।
