করোনাভাইরাসের এই মহামারির সময়ে মাঠে খেলা নেই। ঘরেই কাটছে ক্রীড়া তারকাদের সময়। বর্তমান ও সাবেক তারকাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নানাভাবে যুক্ত থাকছেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং যেমন ক’দিন পর পরই খেলোয়াড়ি জীবনের নানা স্মৃতিচারণা করছেন।
বুধবার সেই ধারাবাহিকতায় টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন পন্টিং। শোয়েব আখতারের বোলিংয়ের মুখোমুখি হওয়ার সেই ভিডিও দিয়ে জানিয়েছেন, ক্যারিয়ারে এটিই তার সবচেয়ে দ্রুত গতির বোলিংয়ে মুখোমুখি হওয়া। অন্যপ্রান্তে থাকা জাস্টিন ল্যাঙ্গার নাকি সেভাবে সাহায্য করছিল পন্টিংকে, জানিয়েছেন সেটিও।
১৯৯৯ সালে পার্থ টেস্টে পন্টিংকে কঠিন চ্যালেঞ্জেই ফেলে দেন শোয়েব। পুরো স্পেল জুড়ে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে বোলিং করেছেন শোয়েব। ব্যাটে বলে করা তো দূরে থাক, শরীর বাঁচাতেই বেশ যুদ্ধ করতে হয়েছে পন্টিংকে।
ওভারটির ভিডিও পোস্ট করে পন্টিং লিখেছেন, ‘এর আগে ফ্লিনটফের একটি ওভারকে আমার ক্যারিয়ারে খেলা সেরা ওভার বলার পর অনেক প্রশ্ন পেয়েছি। শোয়েবের এই ওভারটা আমার খেলা সবচেয়ে দ্রুত গতির বোলিং ছিল। বিশ্বাস করুণ, অন্যপ্রান্তে থাকা জাস্টিন (জাস্টিন ল্যাঙ্গার) আমাকে খুব বেশি ব্যাকআপ করছিল না।’
এর আগে পন্টিং ২০০৫ অ্যাশেজে ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের একটি ওভারকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ওভার হিসেবে উল্লেখ করেছিলেন। এজবাস্টনে দ্বিতীয় টেস্টের ওভার ছিল সেটি।
এদিকে পন্টিংয়ের টুইটের জবাব দিয়েছেন শোয়েব। রিটুইট করে পাকিস্তানের সাবেক পেসার লিখেছেন, ‘শুধু পন্টিং-ই এটা এভাবে খেলতে পারে। সে ছিল নির্ভীক। জাস্টিন ল্যাঙ্গার অবশ্যই চাচ্ছিল নন স্ট্রাইক প্রান্তেই থাকতে। লোল।’
