করোনায় আlক্রান্ত ব্যাংকার পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০১:১৪ এএম

করোনাভাইরাস সংক্রমণকালীন সময়ে সশরীরে অফিস উপস্থিতিতে প্রণোদনা ভাতার পর এবার বিশেষ স্বাস্থ্যবীমা পেতে যাচ্ছেন ব্যাংকররা। করোনাভাইরাস সংক্রমণর মধ্যে যেসব ব্যাংকার নিজের জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছেন, তারা করোনা আক্রান্ত  হলে সর্বোচ্চ ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা পাবেন। গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে দায়িত্ব পালন করছেন ব্যাংকাররা। নিজের জীবন এবং পরিবারকে ঝুঁকিতে রেখে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ স্বাস্থ্যবীমা সুবিধা এবং বিশেষ অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকালের প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী নিয়মিত দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে পদমর্যাদার ভিত্তিতে তাদেরকে ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা নিশ্চিত করতে হবে। আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সেই অর্থ পরিশোধ করবে ব্যাংক। পাশাপাশি তার সার্বিক চিকিৎসার ব্যয় বহন করতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে।

সাধারণ ছুটির সময় দায়িত্ব পালনের কারণে কোনো ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে দুর্ভাগ্যজনকভাবে কোনো ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু ঘটলে বিশেষ স্বাস্থ্যবীমার জন্য নির্ধারিত অঙ্কের পাঁচগুণ বিশেষ অনুদান হিসেবে তার পরিবারকে দিতে হবে। এক্ষেত্রে ব্যাংক তার অন্য কোনো দায়- দেনার সঙ্গে বিশেষ অনুদান সমন্বয় করতে পারবে না। এছাড়া ব্যাংকের বিদ্যমান নীতিমালার আওতায় অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা যথানিয়মে প্রদান করতে হবে। সাধারণ ছুটিকালীন সময়ে কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সময় কিংবা দায়িত্ব পালনের সময় অন্য যেকোনো দুর্ঘটনার শিকার হলে তার চিকিৎসা প্রকৃত ব্যয় বহন করবে সংশ্লিষ্ট ব্যাংক।

এই নির্দেশনা সরকার ঘোষিত সাধারণ ছুটির তারিখ থেকে কার্যকর হবে এবং সাধারণ ছুটি শেষ হওয়ার পরবর্তী এক মাস পর্যন্ত কভিড-১৯ দ্বারা আক্রান্তদের বিশেষ স্বাস্থ্যবীমা কার্যকর থাকবে।

এর আগে গত ১২ এপ্রিল এক সার্কুলারের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের সময় ব্যাংকাররা ১০ কার্যদিবস সশরীরে অফিসে উপস্থিত হলে ৩০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত বিশেষ প্রণোদনা ভাতা দেওয়ার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত