রাজধানীতে ফার্মেসিতে ‘ডাকাতির প্রধান’ ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০২:৪৮ এএম

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে গত সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক মারা গেছে। পুলিশ বলছে, নিহতের নাম আলী হোসেন টিটু (৩০)। তার নেতৃ ত্বে রাজধানীর দুটি ওষুধের দোকানে ডাকাতি হয়। এদিকে গত মঙ্গলবার পহেলা বৈশাখের দুপুরে মুন্সীগঞ্জের  শ্রীনগর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে দুজন। র‌্যাব বলছে, তাদের একজনের পরিচয় পাওয়া গেছে। তারা একটি ডাকাত দলের সদস্য। দলটি শরীয়তপুর ও বরিশালে ডাকাতি করে থাকে।

আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, মোহাম্মদপুরের বসিলা এলাকার তিন রাস্তা মোড়ে সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে টিটু নিহত হয়। ডিবি পুলিশের দাবি, টিটু মোহাম্মদপুর কলেজ গেট এলাকার বিল্লাল ফার্মেসি ও খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির প্রধান সন্দেহভাজন ছিল।

মোহাম্মদপুর থানার এসআই মাইনুল ইসলামের ভাষ্যমতে, বসিলা তিন রাস্তা মোড়ে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডিবির অতিরিক্ত উপকমিশনার (মোহাম্মদপুর জোন) আনিসউদ্দিন বলেন, লাজ ফার্মা ও বিল্লাল ফার্মেসিতে ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত এমন পাঁচজনকে গত ১২ এপ্রিল গ্রেপ্তার করা হয়। সোমবার রিমান্ডে তারা টিটুর নাম জানায়। তাদের তথ্যানুযায়ী গভীর রাতে টিটুকে গ্রেপ্তার করতে বসিলা এলাকায় যায় ডিবি পুলিশ। এ সময় টিটু ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় ডিবির সদস্যরা পাল্টা গুলি ছুড়লে টিটু গুলিবিদ্ধ হয়। টিটুর নেতৃত্বে ডাকাতিগুলো হয়েছিল। ডাকাত দলের অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ১ এপ্রিল রাত পৌনে ১টার দিকে মোহাম্মদপুরের কলেজ গেটের বিল্লাল ফার্মা ও ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় ‘একই স্টাইলে’ ডাকাতি হয়। তারা পিকআপ ভ্যানে করে মুখে মাস্ক ও গামছা পেঁচিয়ে ফার্মেসিতে গিয়ে চাপাতি, দা ও লোহার রডের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ও ল্যাপটপ নিয়ে যায়। ডাকাত দলের সোহেল (৩৬), সোহরাব (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫) ও রাজু (২৫) গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে আছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার পহেলা বৈশাখের দিন দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ হয়। র‌্যাব বলছে, এতে দুই ডাকাত নিহত ও র‌্যাবের দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও সাত ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। নিহতদের একজন মাসুদ (৩৫); অন্যজনের পরিচয় জানা যায়নি। দলটি শরীয়তপুর ও বরিশালের বিভিনড়ব স্থানে নদীর তীরের গ্রামে ডাকাতি করত।

র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী সাংবাদিকদের জানান, গোপন সংবাদে বেজগাঁও এলাকায় অভিযানে চালায় র‌্যাব সদস্যরা। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত