দুই দিনে ৩ মেম্বারসহ ৫ জনের কারাদণ্ড

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৩:২৫ এএম

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে কর্মহীনদের সরকারি খাদ্য সহায়তা প্রকল্পের খাদ্যশস্য বিতরণে অনিয়মের ঘটনা প্রতিদিনই বাড়ছে। যদিও সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা স্থানীয় জনপ্রতিনিধি, ওএমএস ডিলার এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে জেল- জরিমানা ও সংগঠন থেকে বহিষ্কারসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ত্রাণ চুরিতে জড়িত থাকায় মামলার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এতকিছুর পরও থেমে নেই ত্রাণ বিতরণে অনিয়ম। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার পর্যন্ত ৪৮ ঘণ্টায় দেশ রূপান্তরের হাতে এ ধরনের ২০টি অনিয়মের তথ্য এসেছে। এরমধ্যে দেশের বিভিনড়ব স্থানে ত্রাণের চাল চুরির ঘটনায় তিন ইউপি সদস্যসহ চারজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার নবাবগঞ্জে দুদকের হাতে

 গ্রেপ্তার হয়েছেন এক ইউপি সদস্য। এছাড়া গত দুই দিনে সারা দেশে ত্রাণের চাল আত্মসাৎ ও অনিয়মের ঘটনায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার হয়েছে মোট ১৭ জন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির সময় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ : পাবনার ঈশ্বরদীতে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির সময় ডিলার ও আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন ঈশ্বরদীর মূলাডুলী ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও টিসিবির ডিলার উৎপল সরকার (৪৮) এবং তার সহযোগী একই ইউনিয়নের ভাটাপাড়ার বাসিন্দা মো. খোকন শেখ (২৮)। মামলা দায়েরের পর গত মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে অভিযান চালিয়ে ৪ বস্তা চাল, ২ বস্তা মশুরের ডাল এবং ৪ বস্তা ছোলাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বহিষ্কার : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। ১০ টাকা কেজির চাল ওজনে কম দেওয়ার অপরাধে গত সোমবার তাকে এক মাসের কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুরে মহিলা ভাইস চেয়ারম্যানের বাসা থেকে ২ টন চাল উদ্ধার : সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার শহরের বাসা থেকে ২ টন (৩০ কেজি ওজনের ৬৭ বস্তা) ত্রাণের (জিআর) চাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার তত্ত্বাবধানে চালগুলো উদ্ধার করে সদর উপজেলার গোডাউনে নিয়ে রাখা হয়।

চুয়াডাঙ্গায় দুই ডিলারের নিবন্ধন বাতিল : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১০ টাকা কেজি দরে চাল বিμিতে (ওএমএস) অনিয়মের ঘটনায় ২ ডিলারের নিবন্ধন বাতিল ও জামানতের টাকা বাজেয়াপ্ত করেছে স্থানীয় প্রশাসন। গত মঙ্গলবার বিকেলে দামুড়হুদা উপজেলা পরিষদের জরুরি সভায় ২ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন এ ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া জব্দ করা ৬৫ বস্তা চাল অন্য ডিলারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

দাউদকান্দিতে হতদরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ : কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নে সরকারি ১০ টাকা মূল্যের চাল আত্মসাৎ এবং বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও ডিলারের বিরুদ্ধে।

পটুয়াখালীর বাউফলে ৪২ টন চাল জব্দ, আটক ২ : পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নে একটি ট্রলার থেকে ৪২ টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই চাল জব্দ করে বাউফল থানা পুলিশ। এ ঘটনায় চাল ব্যবসায়ী শাহজাহান (৩২) ও ট্রলারচালক জয়নাল চৌকিদারকে (৬০) আটক করেছে পুলিশ।

মোংলায় ১৬ বস্তা চাল উদ্ধার : মোংলায় ১৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কেউ আটক হয়নি। মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, গত সোমবার গভীর রাতে পৌর শহরের মাদ্রাসা রোড সংলগড়ব বাগেরহাট জেটি থেকে ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়। চাল ফেলে রেখে পালিয়ে যাওয়ায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। খাদ্য অধিদপ্তরের প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।

পিরোজপুরে অনিয়মে ডিলারশিপ বাতিল ও অর্থদণ্ড : পিরোজপুরের কাউখালীতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে সদর ইউনিয়নের ডিলার মো. হাফিজুর রহমানের ডিলারশিপ বাতিল ও অর্থদণ্ড দিয়েছে উপজেলা খাদ্যবান্ধব কমিটি। গত সোমবার রাতে উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিরাজগঞ্জে ৫০ বস্তা চালসহ ৩ জন গ্রেপ্তার : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার ভূইঁয়াগাতী বাজার এলাকায় গত সোমবার বিকেলে অভিযান চালিয়ে র‌্যাব ১০ টাকা কেজি দরের ৫০ বস্তা চালসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন সলঙ্গা থানার চকগোবিন্দপুর গ্রামের আব্দুস সাত্তার (৫০), ঘুড়কা নতুনপাড়া গ্রামের ছাদেক (৩৮) ও আবুল হাসেম (২২)।

কিশোরগঞ্জে তিন উপজেলা থেকে ১৪২ বস্তা চাল উদ্ধার : কিশোরগঞ্জের তিন উপজেলা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪২ বস্তা চালসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গত মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার জেলার কটিয়াদী, কুলিয়ারচর ও তাড়াইল উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নবাবগঞ্জে ইউপি মেম্বারকে গ্রেপ্তার করলো দুদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেকেন্দার মিয়াকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম, দুর্নীতি এবং অবৈধভাবে অর্থগ্রহণের অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার‌্যালয় (সজেকা) ঢাকা-০১ এর সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে গত ১৩ এপ্রিল মামলা দায়ের ও তাকে গ্রেপ্তার করে।

ত্রাণে দুর্নীতির অভিযোগে আরও দুই মামলা দুদকের : ত্রাণ চুরিতে জড়িত থাকায় গতকাল বুধবার আরও দুটি মামলা করেছে দু দক। এ নিয়ে ত্রাণ চু রির ঘটনায় দু দকের মামলার সংখ্যা দাড়াল চার।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, গতকাল দুটি মামলা হয়েছে মানিকগঞ্জে। একটি মামলার আসামি সিঙ্গাইরের ওএমএস ডিলার রফিকুল ইসলাম। অপর মামলা করা হয়েছে একই এলাকার ডিলার মো. আবু বকর সিদ্দিকীর বিরুদ্ধে।

ঝালকাঠিতে ইউপি সদস্যের কারাদণ্ড : ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম এবং কার্ডের পরিবর্তে স্লিপের মাধ্যমে চাল বিতরণ করায় রেজাউল করিম সোহাগ নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে নলছিটির সুবিদপুর ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল করিম সোহাগ খানকে এ দণ্ড দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।

গাজীপুরে নারী ইউপি সদস্যের কারাদণ্ড : গাজীপুরের কাপাসিয়ায় হতদরিদ্রদের জন্য সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দ ১০ টাকা কেজি দরের চাল নির্দিষ্ট উপকাভোগীদের কাছে বিক্রি না করে অন্যত্র বিক্রির অভিযাগে এক নারী ইউপি সদস্যকে ৭ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত বিলকিস বেগম চাঁদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য।

নেত্রকোনায় ২৭ বস্তা চাল উদ্ধার : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সরকারি ২৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয়দের সহায়তায় সরকারি চাল উদ্ধার করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম। এ সময় একটি রাইস মিলের গুদাম থেকে ১৫ বস্তা এবং এক ব্যক্তির বাড়ি থেকে ৮ বস্তা চাল উদ্ধার করে। এর আগে স্থানীয়রা দুটি মোটরসাইকেল আটক করে ৪ বস্তা চাল উদ্ধার করে।

কুড়িগ্রামে ৬৩ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার ২ : কুড়িগ্রামের চিলমারীতে ৬২ বস্তা ত্রাণের চালসহ ১ খাদ্য ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ ডাওয়াইটারী বন বিভাগ এলাকার শামসুল হক এর বাড়িতে অভিযান চালান। সেখানে একটি কক্ষ থেকে ৫০ কেজি ও ৩০ কেজি ওজনের ৬২ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়। পরে উপজেলার থানাহাট বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে শামসুল হককে (৬৫) আটক করে পুলিশ।

বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ৩ : বরিশালে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্ত (৪৫), বাজারের চাল ব্যবসায়ী পংকজ সাহা (৩২) এবং চাল পরিবহন কাজে ব্যবহৃত ভ্যানচালক শংকর পালকে (২৮) আটক করা হয়েছে।

বাউফলে নারী ইউপি সদস্যের কারাদণ্ড : পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য লিপি আক্তারকে নিজ বসতঘরে ত্রাণের চাল রাখার দায়ে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকাল তিনটায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি এ রায় দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত