করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে গণস্বাস্থ্যকেন্দ্র শুরু থেকেই বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে। ইতিমধ্যে ঢাকা সিটির বিভিনড়ব বস্তিসহ দেশের বিভিনড়ব অঞ্চলে ৫ হাজার প্যাকেট খাদ্য বিতরণ করা হয়েছে। আরও ৫ হাজার প্যাকেট খাদ্য বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ হাজার প্যাকেটর মধ্যে ১৩ এপ্রিল ২ হাজার ১০০ প্যাকেট খাদ্য সাভারের গণস্বাস্থ্যকেন্দ্র কার্যালয় থেকে সিরাজগঞ্জ, পাবনা, শেরপুর, কুমিল্লা ও গাজীপুরে পাঠানো হয়েছে। অবশিষ্ট ২ হাজার ৯০০ প্যাকেট আগামী দুদিনের মধ্যে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে পাঠানো হবে। প্রতিটি এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জানিয়ে ও পরামর্শ নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সহায়তা নিয়ে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিনিধিরা সঙ্গে থেকে এই খাদ্য বিতরণ করবেন।
