অনেকেই সমালোচনা করেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবার। তবে ক্লাব সতীর্থের পক্ষে কথা বললেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। বলেন, ‘পগবা লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলবেন, সমালোচকদের এমনটি আশা করা উচিত নয়।’
পগবার পারফরম্যান্স খারাপের কারণ হিসেবে পরিস্থিতির কথা বলছেন ব্রুনো। ২০১১-১২ মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে কাটানোর পর পগবা যোগ দেন জুভেন্তাসে। সেখান থেকে ২০১৬-১৭ মৌসুমে আবারও যোগ দেন ম্যান ইউনাইটেডে। কিন্তু তারপর থেকে প্রায়ই পারফরম্যান্সের জন্য সমালোচনা শুনতে হয় বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়কে।
ব্রুনো বলেন, ‘পল (পগবা) পরিস্থিতির কারণে খারাপ সময় পার করছে। দলও ভালো অবস্থানে নেই। সে ভালো খেলোয়াড়, ম্যানচেস্টার ইউনাইটেড তার জন্য টাকা খরচ করেছে। তাই পলের কাছে সবার প্রত্যাশা বেশি। মেসি ও রোনালদোর মতো খেলা আশা করে তার থেকে। তবে এমনটি আশা করে কারণ পলের মধ্যে সেই গুণ আছে।’
×
