ঢাকা থেকে সুনামগঞ্জে পালিয়ে আসা করোনা পজিটিভ এক রোগীকে আটক করে আইসোলেশনে রাখা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টায় ওই ব্যক্তিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পুরানগাঁও থেকে আটক করা হয়। ওই ব্যক্তি গত সোমবার করোনা পজিটিভ হওয়ার পর ঢাকা থেকে পালিয়ে আসেন বলে জানা গেছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আইইডিসিআর থেকে এ রোগীর নাম ঠিকানা আমাদের কাছে জানানো হলে আমরা বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিই এবং সুনামগঞ্জ থেকে করোনা রোগীর জন্য একটি অ্যাম্বুলেন্স পাঠাই। বুধবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহায়তায় ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তাকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
