করোনাভাইরাসের মহামারীর এই দিনে যেসব বাড়িওয়ালা চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল বৃহস্পতিবার এ হুঁশিয়ারি দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিণ্ণ স্থানে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যসেবায় নিয়োজিত কয়েকজনকে বাড়িতে প্রবেশে বাধা ও বাড়ি ছাড়ার নোটিস দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ প্রেক্ষাপটে দুদক চেয়ারম্যান বলেন, ‘জাতির এই সংকটময় সময়ে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় এবং অন্য স্বাস্থ্যকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে জাতির সেবায় নিয়োজিত। এদের সঙ্গে খারাপ আচরণ কিংবা কোনো প্রকার অসম্মান করা আইনগতভাবেই অপরাধ। আমার যতটা মনে পড়ে, দেশে বিদ্যমান সংক্রামক রোগ আইন, ২০১৮ অনুসারে এ জাতীয় আচরণ শাস্তিযোগ্য অপরাধ। আমরা বিশ্বাস করি কেউ যদি এই আইনের লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’
তিনি আরও বলেন, ‘এরপরও যদি কোনো বাড়ির মালিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো ব্যক্তিকে বাড়ি ছাড়ার কথা বলেন বা বাড়ি ছাড়তে বাধ্য করেন তাহলে দুদক আইন অনুযায়ী এসব বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে। অবৈধ সম্পদের উৎস পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।’
