নতুন আইজিপির প্রথম বৈঠক

কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০৪:৫০ এএম

দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, পুলিশ বর্তমান যে অবস্থায় আছে তা থেকে পেছানোর কোনো সুযোগ নেই। এরচেয়ে আরও দ্রুতগতিতে এগিয়ে যেতে হবে। কোনো ধরনের দুর্নীতিকে আশ্রয়-প্রশয় দেওয়া যাবে না। নিয়মের মধ্যেই পুলিশের প্রতিটি সদস্যকে তার অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের ব্যত্যয় ঘটলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রম বৈঠকে এসব কথা বলেন আইজিপি বেনজীর। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের কয়েকজন কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, গতকাল সকাল থেকেই আইজিপি বেনজীর ব্যস্ত সময় পার করেন। সকালে বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীসহ পরিবারের সদস্যদের কবরে ও রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে যান পুলিশ সদর দপ্তরে। সেখানে সম্মেলনকক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে কিছু দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন আইজিপি। তিনি বলেছেন, আগের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী পুলিশের অবস্থানকে যেভাবে রেখে গেছেন তা থেকে পেছানোর কোনো সুযোগ নেই। বরং তার চেয়ে আরও কীভাবে পুলিশকে সামনের দিকে নেওয়া যায় তা নিয়ে সবাইকে কাজ করতে হবে। পুলিশের কোনো সদস্য কোনো অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়লে কোনো ছাড় দেওয়া হবে না। আইজিপি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সঠিকভাবে সবাইকে কাজ করতে হবে। যার যে দায়িত্ব তা পালন করতে হবে। পুলিশে নিয়োগ, পদোণ্ণতি ও পদায়ন নিজস্ব গতিতে চলবে। কোনো ধরনের তদবির চলবে না। তদবির যারা করতে আসবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমন কিছু করা যাবে না যাতে আমাকে কঠোর হতে হয়। তিনি বলেন, জনবান্ধব পুলিশ হতে হবে। থানাগুলোতে প্রকৃত সেবা দিতে হবে। জনগণের বিপদ-আপদে সবার আগে পুলিশকে এগিয়ে যেতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে উল্লেখ করে তিনি বলেন, টিম হিসেবে সবাইকে কাজ করতে হবে। মাদক ও জঙ্গিদের বিরুদ্ধে কঠোর হতে হবে। আইজিপি আরও বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে। সাবধানে থাকতে হবে সবাইকে। মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পিপিই, মাস্ক ও গ্লাভস পরে দায়িত্ব পালন করতে হবে। লোকজন যাতে বাসা-বাড়িতে থাকেন সেভাবে তাদের বোঝাতে হবে। কারও সঙ্গে খারাপ আচরণ করা যাবে না।

বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা : আইজিপি বেনজীর গতকাল সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুনেড়বছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাৎবরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

রাজারবাগ স্মৃতিসৌধে শ্রদ্ধা : গতকাল সকালে আইজিপি বেনজীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ : গতকাল বিকেলে বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইজিপি বেনজীর। তিনি বাংলাদেশ পুলিশের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। তিনি সাধারণ জনগণের পাশে থেকে এভাবে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি পুলিশকে আরও জনবান্ধব করে গড়ে তোলার জন্য নবনিযুক্ত আইজিপিকে নির্দেশনা দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত