করোনাভাইরাস প্রতিরোধে চীন থেকে চিকিৎসাসামগ্রী আনবে বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমান। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ শুক্রবার এয়ার কমোডর মো. জাহিদুর রহমানের নেতৃত্বে ১৬ জন এয়ার ক্রু নিয়ে চীনের উদ্দেশে বিমানটি চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করবে। বিমানটি শনিবার দেশে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। আইএসপিআরের সহকারী পরিচালক নূর ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সি-১৩০ জে বিমানটি বৃহস্পতিবার বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছায়। মিশন সম্পনড়ব করার জন্য বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সশস্ত্র বাহিনী চীন সরকারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেশটি থেকে করোনাভাইরাস শনাক্তকরণ কিট, এন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ইলেট্রিক থার্মোমিটার, মেডিকেল সেফটি গ্লাস, প্রটেকটিভ গ্লাভস, গগলস, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের পরিকল্পনা নিয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বন্ধুত্বের নিদর্শনস্বরূপ চীনের সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু শুভেচ্ছা সামগ্রী যেমন হস্ত ও কুটিরশিল্প জাতীয় উপহারসামগ্রী বিমানবাহিনীর এই পরিবহন বিমানে চীনে পাঠানো হবে। একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত বিভিণ্ণ সংস্থাকে প্রদানের জন্য গণচীন থেকে সংগৃহীত আরও কিছু স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি আনা হবে।
