জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দেশের বিভিনড়ব স্থানে গত বুধবার সকাল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে গতকাল দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ বছরের এক শিশু মারা গেছে।
এ ছাড়া গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এক তরুণ, ফরিদপুরের নগরকান্দায় এক নারী এবং চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলায় দুই তরুণ মারা গেছেন। গত বুধবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও এক কিশোরী এবং সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে এক নারী মারা গেছেন। এছাড়া গত এক সপ্তাহে একই উপসর্গ নিয়ে দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী দেশের বিভিণ্ণ স্থানে মারা গেছেন আরও ৬৫ জন। সিলেট : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, নগরীর শাহজালাল উপশহরের বাসিন্দা ওই শিশুটি কয়েক দিন ধরে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিল। গতকাল অবস্থার অবনতি হলে স্বজনরা প্রথমে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা শিশুটিকে নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে নেওয়ার পরামর্শ দেন। তবে স্বজনরা দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, করোনা পরীক্ষার জন্য শিশুটির প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় অল্প কয়েকজন মিলে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম : চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানান, গত বুধবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামের বাসিন্দা মফিজ আহমেদ (২৮)। তিনি দীর্ঘদিন কিডনিসহ বিভিণ্ণ রোগে ভুগছিলেন। গতকাল ভোরে করোনা আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, ওই রোগী ভর্তির পরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়।
চাঁদপুর : সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানিয়েছেন, গতকাল মারা যাওয়া দুই তরুণের মধ্যে একজনের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ও অপরজনের বাড়ি মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়নে।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, ৩০ বছর বয়সী ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও পেটব্যথা নিয়ে হাসপাতালে আসার পথে মারা যান। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। যেহেতু ওই এলাকায় আগে থেকেই একটি করোনা পজিটিভ কেইস আছে তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মৃতদেহ দাফন করা হবে।
এদিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে শিকারীকান্দি গ্রামে ২৬ বছর বয়সী এক তরুণ মারা গেছেন। তার শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত জাহান মিথেন জানান, মৃতদেহ নিয়মানুযায়ী দাফন হবে।
টাঙ্গাইল : সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুস সোবহান বলেন, উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামে গত বুধবার সন্ধ্যায় এক নারী (২১) মারা গেছেন। তিন দিন আগে তার জ্বর, ঠাণ্ডা, কাশি, গলাব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা জানান, ওই নারীর বাবার বাড়ির সবাইকে অর্থাৎ যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
কিশোরগঞ্জ : সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামস জাভেদকে (৪২) বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছেন, হঠাৎ অসুস্থ হয়ে তিন দিন আগে তিনি কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের গোলপুকুর পাড় এলাকার বাড়িতে আসেন। তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। দুদিন আগে পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়নি।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় চার চিকিৎসকসহ ৩৪ জনের করোনা শনাক্ত হলো।
ফরিদপুর : নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের বাড়িতে মারা গেছেন হাসি বেগম (৩৮)। তিনি একই এলাকার হায়দার শিকদারের (৫০) স্ত্রী। গত কয়েক দিন ধরে ওই নারী সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন। তার স্বামী ও ছেলে আবুল বাশার মিয়াও (২০) অসুস্থ রয়েছে।
প্রতিবেশী সেলিম ফকির বলেন, হায়দার শিকদারের ছেলে আবুল বাশার পেশায় ভ্যানচালক। ইউএনও জ্যোতি প্রু বলেন, ওই বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, প্রতিবেশী ও বাড়ির লোকেরা মুর্দার গোসল ও দাফনে অনীহা জানালে ইসলামি ফাউন্ডেশনের কর্মীরা তার গোসল ও জানাজা পড়ান। এরপর বিকেলে তাকে দাফন করা হয়।
(প্রতিবেদনটি নিজস্ব প্রতিবেদক, সিলেট; চট্টগ্রাম ব্যুরো, চাঁদপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ফরিদপুর প্রতিনিধির সহায়তায় তৈরি)
