ত্রাণ বিতরণকালে রিজভী

সংকটের মধ্যেও দুঃশাসন জারি রেখেছে আ.লীগ

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০৫:৪৮ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ বলেছেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের মধ্যেও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে ভয়াবহ দুঃশাসন জারি রেখেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বনানী থানা ছাত্রদলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণকালে রিজভী সরকারের সমালোচনা করে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের উচিত ছিল সমন্বিতভাবে জাতীয় উদ্যোগ গ্রহণ করা। কিন্তু জাতীয় উদ্যোগ নেওয়া তো দূরের কথা বিএনপি বা এর বিভিণ্ণ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যেখানেই সাধ্যমতো সাধারণ গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে যাচ্ছে, সেখানেই পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, ত্রাণ বিতরণকালে রাজশাহীতে ছাত্রদলের সাবেক নেতা মালেককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসলে জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই ক্ষমতাসীন সরকার দুঃসময়ের মধ্যেই দুঃশাসন জারি রেখেছে।

তবে শত জুলুম-নির্যাতনের মাঝেও বিএনপি সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে পাওয়া যাচ্ছে ত্রাণের চাল। রিজভী বলেন, করোনাভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার। ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই দিতে পারছে না। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ডাক্তার ও নার্সদের খাবার দেওয়া হচ্ছে না। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে না। ভালো হোটেলগুলোতে থাকার ব্যবস্থা করতে আমরা আহ্বান জানিয়েছিলাম সেটিও করছে না সরকার। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ বনানী থানা ও তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত