করোনা আক্রান্তে ২২ হাজার ছাড়াল দক্ষিণ এশিয়া

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১১:৪৪ পিএম

নভেল করোনাভাইরাসে দক্ষিণ এশিয়ার দেশগুলো দিনে দিনে বেশি বিপর্যস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এই অঞ্চলে কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে।

আয়তন ও জনসংখ্যায় এ অঞ্চলের সবচেয়ে বড় দেশ ভারতে ইতিমধ্যে ১৩ হাজার ৪৯৫ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

বিশ্বের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশের বসবাস এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। এ এলাকায় বিপুল সংখ্যক মানুষ বস্তিতে থাকে বলে এবং স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার কারণে আসন্ন দিনগুলোতে দক্ষিণ এশিয়া করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের নতুন ক্ষেত্রে হয়ে উঠতে পারে বলে সতর্ক করে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশও ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। ভাইরাস ছড়িয়ে পড়েছে দুই তৃতীয়াংশ জেলায়।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছে, যা এক দিনের হিসেবে সর্বোচ্চ। তাতে মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ৭৫ জনে। আরও ২৬৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩৮ জন।

শুরুতে আক্রান্তের হার পাকিস্তানে কিছুটা কম থাকলেও এখন দ্রুত গতিতে বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত ৭ হাজার ২৫ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৩৫ জন।

আফগানিস্তানে ৯০৬ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৩০ জন। শ্রীলঙ্কায় সেই তুলনায় এখনো কম, আক্রান্ত ২৩৮; মৃত ৭। মালদ্বীপ, নেপাল, ভুটানে কেউ মারা না গেলেও যথাক্রমে আক্রান্ত হয়েছেন, ২৮, ১৬ এবং ৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত