সিরাজগঞ্জ জেলার ৯ উপজেলার অধিকাংশ হাট-বাজারে ক্রেতা-বিক্রেতারা সামাজিক দূরত্ব ও লকডাউন মানছেন না। স্থানীয় প্রশাসন এ বিষয়ে বারবার মাইকিং করে ও অভিযান চালিয়েও তা মানাতে পারছে না।
গতকাল শুক্রবার সকালে জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। সকাল ৮টার দিকে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা বাজারে গিয়ে দেখা যায়, দোকানিরা গাদাগাদি করে বসে দোকানদারি করছেন। শত শত মানুষ গা ঘেঁষাঘেঁষি করে মাছ, দুধ, সবজি কিনছেন। শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মুরগি, মাংসপট্টি ও শক্তিপুর বাজার, বানতিয়ার বাজার, ছোট চাঁনতারা বাজার ও শ্রীপুর বাজারের অবস্থাও একই রকম। এছাড়া তাড়াশ উপজেলা সদরের মাছের আড়ত, কামারখন্দ উপজেলার জামতৈল বাজার, রসুলপুর বাজার, গাড়াবাড়ির হাট, উল্লাপাড়া উপজেলার গোপিনাথপুর বাজার, চৌহালি উপজেলার জোতপাড়া বাজার, রেহাই পুখুরিয়া বাজার, কোদালিয়া বাজার, ঘুষুরিয়া বাজার, ঘোড়জান হাট, দেওয়ানগঞ্জ বাজার, ভূতের মোড়, চরছলিমাবাদ, কড়িতলা, দত্তকান্দি বাজার, হাপানিয়া বাজারের চিত্রও প্রায় একই রকম।
