ফায়ার ব্রিগেডকে ‘দমকল বাহিনী’ বলা হয় যে কারণে

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৭:৪০ পিএম

ফায়ার ব্রিগেডকে আমাদের অনেকে বাংলায় অগ্নিনির্বাপক বাহিনী বললেও বেশির ভাগই আমরা একে দমকল বাহিনী বলে ডেকে থাকি। এর পেছনে একটি ব্যবহারিক ইতিহাস রয়েছে, যা কালের পরিক্রমায় প্রায় অজানা।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এখনো সেই ইতিহাসের দেখা পাওয়া যায়। যেমন, উত্তর কলকাতার হেদুয়া মোড়ে অনেকেই হয়তো একটি জরাজীর্ণ লোহার বাক্স দেখে থাকবেন। এই বাক্সটির বয়স প্রায় ২০০ বছর। তখন কলকাতায় ছিল না টেলিফোন বা মোটরগাড়ি। ফলে কলকাতা শহরে আগুন লাগলে, দমকল বিভাগে খবর দিতে বেশ বেগ পেতে হতো। আর খবর দেয়ার পর ঘোড়ায় টানা পানির গাড়ি আসতে আসতে দেখা যেতো সব পুড়ে ছাই।

এ সমস্যার সমাধানে তৎকালীন ব্রিটিশ সরকার শহরের মোড়ে মোড়ে একটি বিশেষ ব্যবস্থার প্রচলন করে। উত্তর কলকাতার হেদুয়া মোড়ের লোহার বাক্সটি সেই ব্যবস্থারই স্মৃতিচিহ্ন।

এই লোহার বাক্সের ভেতরে কাচ দিয়ে ঘিরে রাখা হতো একটা দম দেওয়া মেশিন। মেশিনের তার সরাসরি সংযুক্ত করা হতো দমকল অফিসের সঙ্গে। কোথাও আগুন লাগলে, নিকটবর্তী মেশিনের কাচ ভেঙে দম মেশিনের হ্যান্ডেল ঘুরিয়ে ৩-৪ বার দম দিলে মেশিনটি থেকে সংকেত চলে যেতো দমকল বিভাগে। ফলে দমকল বিভাগের কর্মীরা সংকেত পর্যবেক্ষণ করে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হতো।

এই ব্যবস্থা দীর্ঘ ১০০ বছর ধরে চালু ছিল কলকাতা এবং পার্শ্ববর্তী শহর গুলোতে। ধীরে ধীরে টেলিফোন আর মোটরগাড়ির প্রচলন বৃদ্ধি পাওয়ায় এই ব্যবস্থা কালের গর্ভে হারিয়ে যায়। কিন্তু ব্রিটিশদের ওই ব্যবস্থার কারণে ফায়ার ব্রিগেডের সেবাটি দমকল হিসেবে পরিচিত হয়ে ওঠে। সেই বক্সের ভাঙা অংশ এখনো অতীত ইতিহাসকে নিয়ে কলকাতার বুকে দাঁড়িয়ে আছে।

সূত্র: কলকাতাটিভি.ওআরজি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত