দীর্ঘদিন অচল থাকার পর ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। গতকাল শনিবার বিকেল পর্যন্ত আইসিইউর ১০টি ভেন্টিলেটর চালু হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ২০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ফমেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ইউনিটটি চালু করতে গেলে দেখা যায়, ভেন্টিলেশনের মেশিনগুলো অচল। পরে ঢাকা হতে প্রকৌশলী এনে সেগুলো মেরামত করা হয়েছে। জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছিল ১৬ শয্যার এই আইসিইউ। বর্তমানে এই ইউনিটের মালামাল ক্রয়ের বিষয়টি নিয়ে দুদকের মামলা চলছে। আইনি জটিলতা এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি পরামর্শক্রমে রাষ্ট্র ও জনস্বার্থে এসব যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
×
