রমেকে ৫৫ জনের নমুনা একজনেরও পরীক্ষা হয়নি

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৩:১৬ এএম

করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এ আক্রান্ত সন্দেহে ৫৫টি নমুনা রংপুর মেডিকেল কলেজের (রমেক) হাসপাতালের ল্যাবে জমা থাকলেও গত শুক্রবার পর্যন্ত গাইবান্ধার একজনেরও নমুনা পরীক্ষা করা হয়নি। গতকাল শনিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সরবরাহ করা প্রেস রিলিজ থেকে বিষয়টি জানা গেছে। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন জানিয়েছেন, জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন চারজন।

এখনো করোনা শনাক্ত ৮ জনের মধ্যে ৬ জনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ইউনিটে রেখে ও ২ জনকে বাড়িতে আইসোলেশনভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গাইবান্ধার সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, শুক্রবার আমাদের রিপোর্ট আসেনি। পাঠানো নমুনার সবই পরীক্ষা করা হচ্ছে। শুক্রবার রমেকের করোনা শনাক্ত ল্যাবে গাইবান্ধার নমুনা পরীক্ষা করা হলে তারা তো রিপোর্ট দিত, কিন্তু এদিন তারা কেন রিপোর্ট দিল না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কেন রিপোর্ট দিল না এটা তো তাদের ব্যাপার।

তাদের ক্যাপাসিটি আছে, তারা যতটুকু পারছে ততটুকু করছে। সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ আরও বলেন, শনিবার ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে কেউ করোনায় আক্রান্ত বলে শনাক্ত হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত