তুচ্ছ ঘটনার জের ধরে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়িতে তিন তরুণকে পিটিয়ে জখম করেছে স্থানীয় বখাটেরা। এ ঘটনায় বখাটেদের বিরুদ্ধে দোহার থানায় লিখিত অভিযোগ করেছেন এক তরুণের বাবা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নয়াবাড়ি মধ্য ধোয়াইর এলাকার করিম পাগলার বাড়ির পাশে কালভার্টে দাঁড়িয়ে প্রায়ই আড্ডা দেয় এলাকার কিছু যুবক। করোনা সংক্রমণ রোধে জনসমাগম বন্ধে সরকারি নির্দেশনা থাকার কারণে এলাকার কিছু সচেতন তরুণসহ কয়েকজন মুরব্বি তাদের ওই স্থানে আড্ডা না দেওয়ার জন্য অনুরোধ করেন। ওই ঘটনার জের ধরে বখাটেরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আকাশ (২২), আমির হোসেন (২৪) ও শাহাদত হোসেনকে (২২) বেধড়ক মারপিট করে বলে অভিযোগ করা হয়। আহত অবস্থায় দুজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয় আর আকাশকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রাখেন। এ ঘটনায় আহত আকাশের বাবা মো. আফজাল হোসেন বাদী হয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। দোহার থানার উপপরির্দশক মো. আরাফাত হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
