সপ্তম সংক্ষিপ্ত অধিবেশন সমাপ্ত

সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৬:০৮ এএম

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশে ব্যাপক প্রাণহানি ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে গতকাল সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় সারা দেশে অচলাবস্থার মধ্যে সংবিধানের ‘নিয়ম রক্ষায়’ দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ের সংসদ অধিবেশন হয়ে গেল। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল শনিবার বিকেল ৫টায় সংসদের সপ্তম অধিবেশন শুরু হয়, যা চলে দেড় ঘণ্টারও কম সময়।

ড. শিরীন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে শোকপ্রস্তাবের ওপর আলোচনা ও সমাপনী ভাষণ দেন।

শোক প্রস্তাবে বলা হয়, সমগ্র বিশ্ব করোনাভাইরাস কভিড-১৯ এর সংক্রমণে এক কঠিন সময় অতিক্রম করছে। বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। চীনের উহান রাজ্যে শুরু হয়ে করোনাভাইরাস একের পর এক ছড়িয়ে পড়েছে ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারতসহ বিশ্বের বিভিণ্ণ দেশে। লকডাউনে অচল হয়ে পড়েছে বিশ্ব। প্রাণঘাতী করোনায় বিশ্বে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে লক্ষাধিক মানুষ। ইতিমধ্যে বিশ্বব্যাপী ২০ লক্ষাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশে ২ হাজার ১৪৪ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এরই মধ্যে ৮৪ জন মানুষ মৃত্যুবরণ করেছে।

সংসদে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশ ও বিদেশের বিভিনড়ব স্থানে মৃত্যুবরণকারীদের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয়। সেইসঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত সবার দ্রুত সুস্থতা কামনা করা হয়। শোকপ্রস্তাবে একাদশ জাতীয় সংসদের সদস্য সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক শামসুর রহমান শরীফের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। সংসদে এছাড়া সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রহমত আলী, সাবেক সংসদ সদস্য সৈয়দ শহীদুল হক জামাল এবং সাবেক সংসদ সদস্য মো. ওয়াজি উদ্দিন খান, সাবেক সংসদ সদস্য সেকেন্দার আলী, সাবেক সংসদ সদস্য এম এ জব্বার, সাবেক সংসদ সদস্য রহিম উদ্দিন ভরসা, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য হুছনে আরা ওয়াহিদ এবং সংসদ সচিবালয়ের সহকারী নিরাপত্তা পরিদর্শক মো. আব্দুল হাকিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

শোকপ্রস্তাবের ওপর আলোচনা শেষে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এর আগে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গ্রহণ করে একাদশ সংসদের সপ্তম অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করে স্পিকার অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত