ত্রাণ চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৬:০৯ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে কর্মহীনদের সরকারি খাদ্য সহায়তা প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ঢাকার নবাবগঞ্জের আগলা ইউনিয়ন যুবলীগ সভাপতি গোলাম সারোয়ার হোসেন ভুলুর বিরুদ্ধে। তিনি ওই ইউনিয়নের ওএমএসের চালের ডিলার। যুবলীগ নেতা ভুলুর বিরুদ্ধে ওএমএসের ১০ টাকা কেজি দরের চাল ওজনে কম দেওয়া এবং কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে এলাকার ভুক্তভোগী মানুষ।

স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ, তিনশ টাকায় ওএমএসের ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ডিলার ভুলু দিয়েছেন প্রতি বস্তায় ২২-২৬ কেজি করে। এ ছাড়া ভিজিএফ কার্ড ও ১০ টাকা দরের চালের কার্ড দিতে তিনি জনপ্রতি ২০০-৫০০ টাকা করে উৎকোচ নিয়েছেন। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়েও তিনি কোনো কার্ড বা চাল দেননি।

আগলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো. ফরিদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। চাল বিতরণে আমাদের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তাই বিতরণের সময় আমি ছিলাম না।’

আগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ খান বলেন, ‘ভুলুর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এলাকায় নানান অপকর্মের সঙ্গে জড়িত সে।’

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু দেশ রূপান্তরকে বলেন, ‘এলাকাবাসীর লিখিত অভিযোগটি আমার হাতে আসেনি। তবুও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষয়টি তদন্ত করবেন।’

অভিযোগের ব্যাপারে জানতে যুবলীগ নেতা গোলাম সারোয়ার হোসেন ভুলুর মোবাইল ফোনে গতকাল বেশ কয়েকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত