করোনার ভয়ে লাপাত্তা মেডিকেল টেকনোলজিস্ট

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৬:১৮ এএম

করোনা উপসর্গের রোগীর সংস্পর্শে যাওয়ার ভয়ে চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) । হাসপাতালটির প্যাথলজি বিভাগের কর্মকর্তা অনিমেষ সাহার আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন দীর্ঘ দিন।ফলে বন্ধ রয়েছে প্যাথলজি বিভাগের পরীক্ষা-নিরীক্ষার সব কার্যক্রম। দুর্ভোগে পড়েছে চিকিৎসারত ও বিভিণ্ণ দিক থেকে আসা সাধারণ রোগীরা।

এদিকে সরকারের জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে দীর্ঘ দিন পালিয়ে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এ বিষয় নিয়ে কোনো কথা বলতে রাজি হননি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস। এ নিয়ে হাসপাতালজুড়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, ৫০ শয্যার এ সরকারি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন অনিমেষ সাহা। হাসপাতালটিতে তিনি একাই রোগীদের এক্স-রে ও প্যাথলজির কাজ করে আসছিলেন। হঠাৎ নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১২ এপ্রিল তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের লিখিত আবেদন করেছেন। আবেদনের পর থেকেই তিনি কর্মস্থলে যাওয়া থেকে বিরত রয়েছেন। বন্ধ রেখেছেন যোগাযোগও।

এদিকে আবেদন ও কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়টি কতটা যৌক্তিক সে বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।

তবে বাগেরহাটের সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, স্বেচ্ছায় অবসরে যাওয়ার তার অধিকার রয়েছে। তবে আবেদনের বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি নির্দিষ্ট একটা সময় থেকে অবসর চেয়েছেন। সেই নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই তাকে কর্মস্থলে থাকতে হবে। কর্মস্থলে থাকা না থাকার বিষয়টিও তিনি খুব গুরুত্বের সঙ্গে দেখবেন বলেও জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মানড়বান জানান, মেডিকেল টেকনোলজিস্টের পদটিতে নতুন করে যাতে কাউকে দেওয়া হয় সে জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত