অনলাইন প্ল্যাটফর্ম ‘হইচই’য়ে মুক্তি পাচ্ছে ‘কাঠবিড়ালি’

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৫:১৮ পিএম

নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালি’ ১৭ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। ভিন্ন স্বাদের গল্পের কারণে দর্শকেরা লুফে নেয় ছবিটি। তবে অনেক দর্শকই সিনেমা হলে ছবিটি দেখতে পারেননি। তাদের সে আগ্রহ মিটাতে ‘কাঠবিড়ালি’ এবার উন্মুক্ত করা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। ২৪ এপ্রিল থেকে ছবিটি দেখা যাবে ভারতীয় ভিডিও প্ল্যাটফর্ম ‘হইচই’-এ।

পরিচালক নিয়ামুল মুক্তা খবরটি নিশ্চিত করে বলেন, ‘আমরা আশা করছি দর্শকেরা ডিজিটাল প্ল্যাটফর্মেও ছবিটি আগ্রহ নিয়ে দেখবেন। তাদের ভালোবাসার কারণে আমরা এত দূর আসতে পেরেছি।’

মুক্তা জানালেন তারা খুব শিগগিরই ‘কাঠবিড়ালি’ টেলিভিশন চ্যানেলেও মুক্তি দেবেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আমাদের প্রাথমিকভাবে কথা ছিল ছবিটি এ রোজার ঈদে মুক্তি দেওয়ার। কিন্তু করোনাভাইরাসের কারণে আমাদের দুপক্ষের মধ্যকার আনুষ্ঠানিক চুক্তির কাগজে স্বাক্ষর হয়নি। তা ছাড়া করোনাভাইরাসের লকডাউনের কারণে চ্যানেল কর্তৃপক্ষ চিন্তা করছে রোজা ঈদে নাকি কোরবানির ঈদে ছবিটি চালাবে। সবকিছু ঠিক হলে আমরা জানিয়ে দেব।’

তাসনিমুল তাজের চিত্রনাট্য এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় 'কাঠবিড়ালি' চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়ণের পর মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন। আরও অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।

প্রেম ও দ্রোহের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির প্রিমিয়ার গত ২৭ ডিসেম্বর পাবনার ভাঙ্গুরা উপজেলার গজারমারা গ্রামে অনুষ্ঠিত হয়। এ অঞ্চলেই হয়েছিল ছবির বেশির ভাগ শুটিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত