কার উদ্দেশ্যে তীর ছুড়ছেন সালমান খান?

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১১:২১ পিএম

লকডাউনে চার সপ্তাহ ধরে পানভেলে নিজের ফার্ম হাউসে পরিবারের কিছু সদস্যদের নিয়ে রয়েছেন সালমান খান। খবর, তাকে সঙ্গ দিতে জ্যাকলিন ফার্নান্দেজ, ইউলিয়া ভান্তুর সহ একদল বিশেষ সখীরাও নাকি রয়েছেন সেখানে! এ ছাড়া তার সঙ্গে খামার বাড়িতে আছেন মা সলমা খান, অর্পিতা খান, আয়ুশ শর্মা এবং ভাই সোহেল খানের ছেলে নির্বাণ। বাবা সেলিম খান একা রয়েছেন মুম্বাইয়ের বাড়িতে। সেখানেই যেমন ভাগ্নের জন্মদিনে জমিয়ে পার্টি করেছেন তেমনি সময় কাটাচ্ছেন নিজের প্রিয় ঘোড়ার সঙ্গে। আর নিজেকে ফিট রাখতে শরীরচর্চা তো আছেই। সেই সঙ্গে আরও একটি নতুন শখ নিয়ে পড়েছেন ভাইজান। তীর-ধনুক হাতে তাকে নাকি তিরন্দাজি করতে দেখা যাচ্ছে। সেই ভিডিও, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই অনুরাগীদের মন্তব্য, ব্যাচেলর থাকার লক্ষ্যে অবিচল থাকতে শেষে তিরন্দাজি অভ্যাস করছেন এলিজেবল ব্যাচেলর! 

পরে রহস্য ফাঁস। এই ভিডিও নাকি লকডাউনের আগে তোলা! তারপরেও এর ভিউয়ার্স সংখ্যা ৩ লাখের ওপর। বলিউডপাড়ার মন্তব্য, নির্ঘাত সম্মোহন করতে জানেন ভাইজান। নইলে পুরোনো ভিডিও এত রমরমিয়ে চলে! এবং এটাই প্রমাণিত, দীর্ঘদিন ধরেই লক্ষ্যে অবিচল থাকার চেষ্টা চালিয়েই যাচ্ছেন। পাশাপাশি, ফার্ম হাউসে থেকেই নিজের ফ্যান ক্লাব বিয়িং হিউম্যানের মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে দৈনিক মজুরিতে কাজ করা ২৫ হাজার দুস্থ টেকনিশিয়ানের পরিবারের মুখে অন্ন সংস্থানের ব্যবস্থা করেছেন সালমান খান।

সম্প্রতি, সালমান খানের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হয়েছে। যেখানে তিনি সাধারণ মানুষকে ভর্ৎসনা জানিয়েছেন পুলিশ এবং চিকিৎসকদের ওপর পাথর ছোড়ার প্রতিবাদ জানিয়ে। ভাইজান ভিডিওতে সবাইকে লকডাউনে ঘরে বসে নামাজ পড়ার পরামর্শ দিয়েছেন।

অভিনেতার কথায়, আল্লাহ সবার মধ্যে আছেন। পরিবারের সঙ্গে ঘরে বসে নামাজ পড়লেও তাকে পাওয়া যাবে। ঘরে নামাজ পড়ার পাশাপাশি, সালমান খান ভিডিওতে পাথর ছোড়া লোকেদের তিরস্কার করে বলেন, ‘ডাক্তাররা সবার জীবন বাঁচাতে এসেছেন। নার্সরা সেবা করছেন অক্লান্ত ভাবে। আর আপনারা তাদের ওপর পাথর ছুড়ে মারছেন! এই ডাক্তাররা যদি আর কারওর চিকিৎসা না করেন তবে রোগ দূর হবে কীভাবে? একই ভাবে প্রশাসন রাস্তায় অকারণে ঘুরতে থাকা মানুষদের ঘরে পাঠাচ্ছেন তাদের সুস্থ থাকার জন্য। এভাবেও তাদের ওপর অত্যাচার চালানো উচিত নয় কারওর। প্রশাসনের কথা শুনে লকডাউন না মানলে প্রয়োজনে দেশ এবং দেশবাসীর স্বার্থে সেনাবাহিনী নামাতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত