চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ডেলিভারি

শতভাগ রেন্ট মওকুফের সুযোগ শেষ হচ্ছে আজ

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০২:৪৪ এএম

করোনা পরিস্থিতির কারণে ঘোষিত সাধারণ ছুটির সময় চট্টগ্রাম বন্দরে নামানো আমদানি পণ্যবাহী কন্টেইনার আজ সোমবারের মধ্যে ডেলিভারির ক্ষেত্রে শতভাগ স্টোর রেন্ট মওকুফ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের ট্রাফিক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বন্দর সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে আমদানি পণ্যের ডেলিভারি কমে যাওয়ায় বন্দরে সৃষ্ট কন্টেইনার জট কমাতে আমদানিকারকদের এ ছাড় দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম দেশ রূপান্তরকে বলেন, কভিড-১৯ সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন গত ২৭ মার্চ থেকে বন্দরে অবতরণকৃত কন্টেইনারগুলো ২০ এপ্রিলের মধ্যে খালাস করা হলে সেগুলোর স্টোর রেন্ট শতভাগ মওকুফযোগ্য হবে।

তিনি জানান, ২০ এপ্রিলের পর এসব কন্টেইনার ডেলিভারি নেওয়া হলে সে ক্ষেত্রে যথারীতি প্রচলিত নিয়মে স্টোর রেন্ট পরিশোধ করতে হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় গত ২৬ মার্চ সাধারণ ছুটি শুরু হওয়ার পর থেকে বন্দরের আমদানি পণ্যভর্তি কন্টেইনার ডেলিভারির গতি শ্লথ হয়ে পড়ে। ফলে ক্রমশ বন্দরে কন্টেইনারের পরিমাণ বাড়তে থাকে। এর মধ্যে বন্দরের পক্ষ থেকে কন্টেইনার ডেলিভারি নেওয়ার জন্য আমদানিকারকদের নোটিস দেওয়া হলেও তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং কন্টেইনার জমতে জমতে ইতিমধ্যে বন্দরের সবগুলো ইয়ার্ডে ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে। বন্দর সূত্র জানায়, কন্টেইনার জট কমাতে ইতিমধ্যে নির্দিষ্ট ৩৭টি আইটেমের বাইরে আরও ৬টি আইটেমের পণ্য সীমিত সময়ের জন্য অফডক থেকে খালাস নেওয়ার নতুন নিয়ম চালু করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। নতুনভাবে যুক্ত আইটেমগুলো হচ্ছে সব ধরনের বীজ, ফাইবার, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত ঔষধ প্রশাসনের অনুমোদিত ব্লক লিস্টের পণ্য, ফানজিসাইড ও হারবিসাইড এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানকৃত কর্তৃক আমদানিকৃত টায়ার কর্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত