সোহরাওয়ার্দীর ৬ চিকিৎসক করোনায় আক্রান্ত

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৩:৩১ এএম

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ছয় চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন ও বাকি চারজন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. উত্তম বড়ুয়া।

ডা. উত্তম বড়ুয়া বলেন, ‘আমাদের হাসপাতালের ছয়জন চিকিৎসকের করোনা পজিটিভ এসেছে। তারা সবাই চিকিৎসা দিচ্ছিলেন। কীভাবে তারা আক্রান্ত হয়েছেন এখনো জানা যায়নি। আক্রান্তদের মধ্যে স্বামী-স্ত্রী দুই চিকিৎসক হাসপাতালে ভর্তি আছেন।’ দেশে এখন পর্যন্ত ১০৬ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফোরাম। আক্রান্ত সোহরাওয়ার্দীর এক চিকিৎসক জানান, বুধবার তার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল। শনিবার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসাতে আইসোলেশনে আছেন। তার স্ত্রীও চিকিৎসক। আগামীকাল তার নমুনা টেস্ট করা হবে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মামুন মোর্শেদ বলেন, ‘আক্রান্তদের মধ্যে পেডিয়াট্রিক বিভাগ, মেডিসিন বিভাগ, গাইনি বিভাগের আউটডোর মেডিকেল অফিসার একজন এবং বাকি তিনজন মেডিসিন বিভাগের।’ তারা কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রত্যেকেরই লক্ষণ-উপসর্গ মৃদু। তেমন কোনো লক্ষণ নেই বললেই চলে। তারা এমনিতে ভালো আছেন।’

এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালকে কভিড-১৯ রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নির্ধারণ করা হয়েছে জানিয়ে পরিচালক ডা. উত্তম বড়ুয়া বলেন, ‘আগামী বুধবার থেকে করোনা রোগী ভর্তি করা হবে। অফিশিয়ালি করোনা রোগী ভর্তি শুরু না হলেও আমাদের এখানে চারজন রোগী ভর্তি আছে। কভিড-১৯ আক্রান্ত একজন প্রেগনেন্ট রোগীকে কুয়েত-মৈত্রী, কুর্মিটোলা ও মহানগর হাসপাতাল ভর্তি নেয়নি, তাই আমরা এখানে ভর্তি করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত