করোনা: সঞ্জয়ের মন পড়ে আছে দুবাইয়ে

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০২:৩১ পিএম

বলিউডের অনেক তারকা লকডাউনে প্রিয়জনদের নিয়ে জমজমাট সময় কাটাচ্ছেন। সেই ছবি ও ভিডিও ভাসছে অনলাইনে।

আলিয়া-রণবীরের মতো অনেক বলিউড প্রেমিক-প্রেমিকা এই সময়ে রয়েছেন একসঙ্গে। পরিবার ও বন্ধুদের নিয়ে দেড় মাস ধরে ফার্ম হাউসে আছেন সালমান খান।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, এই সময়ে মুম্বাই থাকলেও সঞ্জয় দত্তের মন পড়ে আছে দুবাইয়ে। কারণ স্ত্রী মান্যতা ও তাদের ছেলে-মেয়েরা রয়েছে মধ্যপ্রাচ্যের এই শহরে।

করোনা সংক্রমণ এড়াতে প্রায় সব দেশেই চলছে লকডাউন। আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ। ভারতের অনেক আগেই পশ্চিম এশিয়ার দেশগুলো আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তাই ঠিক সময়ে দেশে ফিরতে পারেননি সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা।

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা উদ্বেগের কথা জানিয়েছেন। ইকরা ও শাহরানকে নিয়ে মান্যতা রয়েছেন দুবাইতে। যদিও সঞ্জয় নিয়মিত ইন্টারনেট মারফত যোগাযোগ করছেন, তবুও দূরে থাকার কষ্টটা তো রয়েছেই।

সঞ্জয় বলেন, “আমার জীবনে এমন লকডাউনের সময় অনেক এসেছে। তখনও যা বারবার মনে হতো, এখনো সেটাই মনে হচ্ছে। আমি তখনো পরিবারকে মিস করতাম, এখনো তাই। আমার কাছে ওরাই সবকিছু। তবু প্রযুক্তিকে ধন্যবাদ, আমি দিনের মধ্যে অনেকবার ওদের দেখতে পাই, কথা বলতে পারি। কিন্তু অসম্ভব মিস করছি।”

সঞ্জয় দত্তকে সর্বশেষ দেখা গেছে ‘পানিপথ’ ছবিতে। সামনে আসছে শমসেরা, সড়ক টু ও কেজিএফ চ্যাপ্টার টু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত