করোনাভাইরাস

বিদেশে আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় পাঠানো যাবে

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৩:২২ এএম

দেশের বাইরে চিকিৎসা, পড়াশোনা এবং ভ্রমণের খরচ পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া কোনো টাকা পাঠানো সম্ভব ছিল না। বিদেশে আটকেপড়াদের ক্ষেত্রে ৩০ এপ্রিল পর্যন্ত অর্থ পাঠানোর সুযোগ দেওয়া হয়। এখন উভয় ক্ষেত্রে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অনুমতি ছাড়া বিদেশে টাকা পাঠানোর এই সুবিধা অব্যাহত থাকবে। গতকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।

বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের কারণে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সমস্যায় পড়েছেন। তাই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। আগে এই সময়সীমা ৩০ এপ্রিল থাকলেও এটি বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিউশন ফি, হোস্টেল ফি, স্বাস্থ্যবীমাসহ প্রয়োজনীয় খরচ পাঠানোর সুযোগ রয়েছে। বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের অধিকাংশের স্বাস্থ্যবীমা নেই। থাকলেও তা আংশিক। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত। এই সময়ে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যয় ব্যাংকগুলোর মাধ্যমে পাঠানো যাবে। সংশ্লিষ্ট দেশের চিকিৎসকদের সনদের ভিত্তিতে এই অর্থ পাঠাতে হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এভাবে অর্থ পাঠানো যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত