লে-অফ ঘোষণা করা শিল্প

৫০০০ কোটি টাকার তহবিল থেকে ঋণ পাবে না

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৩:২৩ এএম

করোনাভাইরাস সংক্রমণের কারণে ইতিমধ্যেই অনেক শিল্পপ্রতিষ্ঠান লে-অফ ঘোষণা করেছে। লে-অফ ঘোষণা করা এসব শিল্পপ্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীর মজুরি পরিশোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৫ হাজার কোটি টাকার তহবিল থেকে কোনো ঋণ সহায়তা পাবে না। গত ১৯ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংককে দেওয়া এক চিঠিতে এই মতামত দিয়েছে।

অবশ্য লে-অফে থাকা প্রতিষ্ঠানের জন্য ঋণসুবিধা বাতিলে মতামত দিলেও এসএমই প্রতিষ্ঠানের জন্য ঘোষিত প্রণোদনার ঋণ ব্যবহারে সুবিধা বাড়ানোর পক্ষে অর্থ বিভাগ। প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান এসএমইর জন্য গঠিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে চলতি মূলধন বাবদ ঋণ নিতে পারবে, যা দিয়ে তারা শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে পারবে।

অর্থ বিভাগের চিঠিতে আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান ৮০ শতাংশের বেশি পণ্য সরাসরি রপ্তানি করে, তাদের ঋণপত্র বা এলসি পরীক্ষা সাপেক্ষে শুধু শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ৫ হাজার কোটি টাকার তহবিল থেকে ঋণ নিতে পারবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসে সৃষ্ট ক্ষতি মেটাতে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা ঘোষণার পরও অনেক তৈরি পোশাক শিল্প লে-অফ ঘোষণা করে। শ্রম আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান লে-অফ ঘোষণা করলে ওই প্রতিষ্ঠানের  যেসব শ্রমিকের চাকরির বয়স এক বছরের কম, তারা লে-অফকালীন কোনো মজুরি পাবেন না। আর যাদের চাকরির বয়স এক বছর কিংবা তারচেয়ে বেশি, তারা কেবল মূল মজুরির অর্ধেক ও বাড়ি ভাড়া পাবেন। অন্য কোনো ভাতা পাবেন না। বিদ্যমান পরিস্থিতিতে কারখানা লে-অফ ঠেকাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত