আগামী ২৫ এপ্রিল করোনাভাইরাস শনাক্তের কিট সরকারের কাছে হস্তান্তরে আশাবাদ ব্যক্ত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল সোমবার রাতে দেশ রূপান্তরের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ডা. জাফরুল্লাহ করোনা প্রতিরোধে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তাদের অধীন অন্যান্য সংস্থার মধ্যে সমন্বয়হীনতা রয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘কিটের কার্যকারিতা পরীক্ষা করার জন্য করোনা আক্রান্ত রোগীর রক্তের নমুনা চাওয়া হয়েছিল পাঁচ দিন আগে। কিন্তু আজ (গতকাল) পর্যন্ত তা গণস্বাস্থ্য কেন্দ্রকে সরবরাহ করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘করোনা শনাক্তকরণ কিট তৈরির জন্য বিপুল অর্থের প্রয়োজন। প্রথমে সরকারকে যে কিট সরবরাহ করা হবে, পরবর্তীতে তা তৈরিতে অনেক অর্থ লাগবে। এজন্য সরকারকে এগিয়ে আসতে হবে।’
কিট তৈরির অগ্রগতি সম্পর্কে গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেকের পক্ষে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মুহিব উল্লাহ খন্দকার দেশ রূপান্তরকে বলেন, ‘কিট উৎপাদনে কাজ করেছেন ড. বিজন কুমার শীল, ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রঈদ জমির উদ্দিন ও ড. ফিরোজ আহমেদ। কিট উৎপাদনে ইতিমধ্যে আমরা একটি হাইটেক ল্যাব স্থাপন করেছি। সেখানে গত রবিবার থেকে কিট তৈরির কাজ শুরু হয়েছে। সরকারকে যে পরিমাণ কিট সরবরাহ করা হবে, তা তৈরিতে এক সপ্তাহ লাগবে।’
এর আগে গত ১১ এপ্রিল সরকারের কাছে এই কিট হস্তান্তরের কথা ছিল। কিন্তু বৈদ্যুতিক গোলযোগের কারণে তা সম্ভব হয়নি বলে পরে গণস্বাস্থ্য দাবি করেছিল।
