নাজমুল অপুকে প্রশংসায় ভাসালেন তামিম

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১১:৩৯ পিএম

করোনাভাইরাসের এই দুর্যোগের সময়ে অসহায়দের পাশে রয়েছেন ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। নিজ হাতে ত্রাণের প্যাকেট তৈরি করে তা পৌঁছে দিচ্ছেন অসহায়দের মাঝে। নাজমুলের এই কাজের প্রশংসা করলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার তামিম তার ফেইসবুক পেজে নাজমুলের একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে জাতীয় দলের বাইরে থাকা এই স্পিনার নিজ হাতে চাল মেপে প্যাকেট তৈরি করছেন।

তামিম ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ছবিতে নিজ হাতে চাল মেপে দিচ্ছেন যিনি, মানুষটিকে আপনারা অনেকেই চেনেন। মাঠে তার সেলিব্রেশন আপনাদের আনন্দ দিয়েছে অনেক সময়। এখন সে কাজ করে চলেছে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। জাতীয় ক্রিকেটার নাজমুল ইসলাম অপু।’

২৮ বছর বয়সী বাঁহাতি অফ স্পিনার নাজমুল নারায়ণগঞ্জের ছেলে। যে জেলায় শুরু থেকেই করোনার ভয়াবহতা ব্যাপক। এমন সময়ে নাজমুল বসে থাকতে চাননি। তামিমও পাশে দাঁড়িয়েছেন তার।

তামিম লিখেছেন, ‘নারায়ণগঞ্জে করোনার এই ক্রান্তিকাল শুরুর সময় থেকেই অপু নিরলসভাবে কাজ করে চলেছে। নিজে যতটুকু পেরেছে ও অন্যদের সহায়তা নিয়ে দিনের পর দিন দুস্থদের খাদ্য সহায়তা দিয়ে চলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি ওকে সহায়তা করার। আরও অনেকে করেছেন। এই প্রবল দুর্যোগের সময় দেশজুড়ে আরও অসংখ্য মানুষ এভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছে আজ।’

সতীর্থকে প্রশংসায় ভাসিয়ে তামিম আরো লিখেন, ‘অপুর যে দিকটি আমার খুব ভালো লেগেছে, সে উদ্যোগ নিয়েছে তো বটেই, নিজেই সবকিছু জোগাড় করে, মেপে, প্যাকেট করে, মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে। একবার-দুবার নয়, বারবার। একজন জাতীয় ক্রিকেটার যখন এভাবে মানবসেবায় ঝাঁপিয়ে পড়েন, সমাজকে তা খুব ভালো বার্তা দেয়।’

‘অনেক সময়ই আমাদেরকে বিচার করা হয় শুধু ক্রিকেট দিয়ে। অপু দেখিয়ে দিচ্ছে, মানুষ হিসেবে বড় হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত