কিছু ধারাভাষ্যকারকে সহ্য হয় না যুবরাজের

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১২:০২ এএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংকে সামনে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতেই পারে। সাবেক এই ক্রিকেটারও বলছেন, সে হতেই পারে। কিন্তু কিছু ধারাভাষ্যকারকে যে সহ্য করতে পারেন না এও জানিয়ে রাখছেন ৩৮ বছর বয়সী তারকা।

করোনাভাইরাসের কারণে মাঠের ক্রিকেট বন্ধ। ভারতজুড়ে চলছে লকডাউন। তাই ঘরবন্দী সময় কাটছে সবার। এমন সময়ে এক সময়ের সতীর্থ মোহাম্মদ কাইফের সঙ্গে ইনস্টাগ্রামের লাইভে যুক্ত হন যুবরাজ। সেখানেই ধারাভাষ্যকারদের নিয়ে এমন মন্তব্য করেন যুবরাজ।

বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘তুমি অন্যদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারো। তবে কমেন্ট্রি বক্সে বেশ কয়েকজনকে একদম সহ্য করতে পারিনা।’ যদিও কাদের সহ্য করতে পারেন না, সেই নামগুলো উল্লেখ করেননি।

তাকে কখনো কমেন্ট্রি বক্সে দেখা যাবে কিনা এমন প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘যদি আমি কমেন্ট্রি করি, তাহলে বেশ কিছু বিষয়ের ওপর তা নির্ভর করবে। সব সময় কমেন্ট্রি করা আমার পক্ষে সম্ভব নয়। টি-টোয়েন্টি বা আইসিসি বিশ্বকাপের মত ইভেন্টে ধারাভাষ্যকারের কাজ করতে চাই।’

তবে কমেন্ট্রির চেয়ে ক্রিকেট কোচিংই তাকে বেশি টানে বলেও জানিয়ে দিয়েছেন যুবরাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত