সরকারি সহায়তার আড়াইহাজার কেজি চাল আত্মসাৎ করায় নড়াইলের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামির নাম মো. জার্জিদ মোল্লা। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কমিশনের যশোর সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি জার্জিদ মোল্লা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসহায় দুস্থ মহিলাদের জন্য ভিজিডির এপ্রিল মাসে সরকার কর্র্তৃক দেওয়া ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল তুলে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আত্মসাৎ করেন।
