নারায়ণগঞ্জে করোনা রোগীর বাড়ি লকডাউন করায় তান্ডব চালিয়েছে পরিবারের কয়েকজন। এ সময় লকডাউনের লাল নিশান উপড়ে ফেলাসহ স্থানীয় কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের কার্যালয়ে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড কুড়িপাড়া এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউন্সিলর কামরুজ্জামান বাবুল দেশ রূপান্তরকে বলেন, ‘কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও আমার ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কাইয়ুমের স্ত্রী ও দুই বোন করোনায় আক্রান্ত হয়। মঙ্গলবার তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা কাইয়ুমের বাড়িটি লকডাউন করি এবং রোগীদের সংস্পর্শে আসায় পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলি। এ সময় বাড়ির সামনে বাঁশ ও লাল নিশান দিয়ে লকডাউন বোর্ড টানিয়ে দিয়ে আসি। যেন সকলে সচেতন থাকে। সন্ধ্যার কিছুক্ষণ আগে কাইয়ুমের ভাই স্থানীয় সন্ত্রাসী এছহাক মিয়া বাড়ির সামনের লকডাউন লেখা বোর্ড, লাল নিশান, বাঁশ সবকিছু ভেঙে উপড়ে ফেলে। শুধু তাই নয়, সন্ধ্যার পর আমার কার্যালয়ে এসে প্রাণনাশের হুমকি এবং হামলার চেষ্টা চালায়।
