যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ বন্ধ করলেন ট্রাম্প

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৬:১৪ এএম

যুক্তরাষ্ট্রে সব ধরনের অভিবাসন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার এক টুইটবার্তায় তিনি বলেন, অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে একটি নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন তিনি। করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের চাকরি রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যুক্তি দেন ট্রাম্প।

সাম্প্রতিক সময়ে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। দেশটি করোনা নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছে। এমন সময়ই অভিবাসন বন্ধের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে কতদিন পর্যন্ত অভিবাসন বন্ধ থাকবে তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। করোনাভাইরাসকে ‘অদৃশ্য শত্রু’ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, এখন এটা থেকে আমেরিকানদের চাকরি ও জীবিকা বাঁচানো প্রয়োজন।

গত সোমবার রাতে ট্রাম্পের ঘোষণার আগে হোয়াইট হাউজের তরফে দাবি করা হয়, মহামারীর সবচেয়ে খারাপ পরিস্থিতি পার হয়েছে। পুনরায় সবকিছু খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। ভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন অঙ্গরাজ্যে মানুষের চলাফেরার ওপর আরোপ করা বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতির একাংশ অচল হয়ে পড়েছে।

গত বছর প্রায় ১০ লাখ মানুষকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বাস করার অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। অনুমতিপ্রাপ্তদের বেশিরভাগই মেক্সিকো, চীন, ভারত, ডোমিনিকান রিপাবলিক, ফিলিপাইন ও কিউবার বাসিন্দা।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃত্যুতে দেশটির ধারেকাছে নেই কোনো দেশ। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২৮ হাজার মানুষ। অপরদিকে মারা গেছে ১ হাজার ৯৩৯ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ হাজার ৫১৪ জন। ইতিমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৭২ হজার ৩৮৯ জন। তবে ১৩ হাজার ৯৫১ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত