সংবাদ সম্মেলনে কাদের

করোনা মোকাবিলায় আমাদের সক্ষমতা পর্যায়ক্রমে বাড়ছে

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৬:২৬ এএম

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পর্যায়ক্রমে সক্ষমতা বাড়ছে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার সংসদ ভবনের বাসা থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস সংকট মোকাবিলা, সংক্রমণ রোধ এবং নিয়ন্ত্রণে প্রতিটি মুহূর্ত নিরলসভাবে মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন। তিনি বলেন, আমাদের সক্ষমতাও পর্যায়ক্রমে বাড়ছে। করোনা টেস্টের জন্য নির্ধারিত কেন্দ্রসংখ্যা বাড়ানো হয়েছে। টেস্টিং ক্যাপাসিটি প্রতিদিনই বাড়ছে। যদিও এই সমস্যা আজকে সারা দুনিয়ায়, সারা বিশ্বে আজকে টেস্টিং ক্যাপাসিটি ও পিপিইর সংকট রয়েছে। তারপরও বাংলাদেশ সীমাবদ্ধতার মধ্যেও প্রতিদিনই এই টেস্টিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে দিবারাত্রি কাজ করে যাচ্ছেন। প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব সর্বক্ষণ শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তৃণমূল পর্যায় পর্যন্ত ত্রাণ সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ত্রাণ কমিটি হবে। এই ত্রাণ সুবিধা পাওয়ার উপযোগীদের তালিকা দ্রুততার সঙ্গে প্রণয়ন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণকাজ পরিচালনায় আমি নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, তালিকা প্রণয়নে কোনো প্রকার বৈষম্য করা চলবে না। দলমত নির্বিশেষে যার যা প্রাপ্য ঠিক সেই অনুযায়ী তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত তালিকা করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আমরা এখন দুইটা জিনিসের সঙ্গে লড়াই করছি। একটা হলো করোনাভাইরাস, একে প্রতিরোধ করা। আরেকটি হচ্ছে গরিব অসহায় মানুষদের সুরক্ষা দেওয়া। ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়ার যে অভিযোগ বিএনপি করছে সে প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ‘আমি বলতে চাই, কে বাধা দিয়েছে? কোথায় বাধা দিয়েছে? তথ্য-প্রমাণ দিন। এই অমানবিক কাজ যারা করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ। তিনি বলেন, শেখ হাসিনার সরকার কঠোর অবস্থানে, চালচোরদের ক্ষমা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত