করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অর্থ জোগান দিতে অনন্য উদ্যোগ নিয়েছে বার্সেলোনা। এক বছরের জন্য নিজেদের স্টেডিয়ামের নামস্বত্ব বিক্রি করবে তারা। তা থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে প্রাণঘাতী কভিড-১৯ মোকাবিলায়। এর আগে খেলোয়াড়-কোচদের বেতন কাটার মতো কঠোর সিদ্ধান্ত নিলেও নিজেদের স্টেডিয়ামের নামস্বত্ব বিক্রির কথা ভাবেনি। মঙ্গলবার স্টেডিয়াম ক্যাম্প ন্যুর নামস্বত্ব বিক্রির সিদ্ধান্তের কথা জানায় বার্সেলোনা।
বার্সার মাঠ ক্যাম্প ন্যু ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম। আসনসংখ্যা ৯৯ হাজার। স্টেডিয়ামটি ১৯৫৭ সালে উদ্বোধনের পর নামের বিনিময়ে কখনই স্পন্সর নেয়নি কাতালান ক্লাবটি। ক্লাবের নির্বাহী বোর্ড বলেছে, এ থেকে পাওয়া পুরো অর্থই করোনাভাইরাস মোকাবিলার কার্যক্রমে দান করা হবে। কয়েকটি ভাগে ভাগ হবে সেই অর্থ। বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট জর্দি কার্দোনের বলেন, ‘আমরা বিশ্বজুড়ে একটা বার্তা দিতে চাই প্রথমবারের মতো ক্যাম্প ন্যুর সঙ্গে কেউ তার নাম বসানোর সুযোগ পাবে। আর এই অর্থটা বার্সেলোনার জন্য নেওয়া হবে না। এটা যাবে মানবসেবায়। চলমান এই (করোনাভাইরাস) সংকটের কারণেই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমরা মনে করেছি, এই পরিস্থিতিতে দ্রুতই আমাদের সাড়া দেওয়া দরকার।’ এদিকে মানি লিগের এক রিপোর্ট অনুযায়ী ফুটবল ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে ধনী ক্লাব এখন বার্সাই। কিন্তু চলমান করোনা সংকটে কঠিন আর্থিক সমস্যায় পড়েছে তারা। আগামী চার মাস খেলোয়াড়দের ৭০ শতাংশ বেতন-ভাতা কম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রস্তাবে খেলোয়াড় ও কোচরাও সায় দিয়েছেন। এদিকে করোনা পরিস্থিতির পর স্পেনের নিচের সারির লিগসহ অন্যান্য খেলাগুলো যেন ঠিকভাবে হতে পারে তাই আগামী চার বছরে ২০০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেবে লা লিগা। ইন্টারনেট।
