৫৭০ কোটি ডলারে জিওর ১০% শেয়ার কিনল ফেইসবুক

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০১:৫৪ এএম

ভারতের মোবাইল ইন্টারনেট কোম্পানি রিলায়েন্স জিওর ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার ৫৭০ কোটি ডলারে কিনে নিয়েছে ফেইসবুক। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিযোগাযোগ ইউনিটে বিনিয়োগের মাধ্যমে ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যমটির পদযাত্রা শুরু হলো।

গতকাল এ সংক্রান্ত চূক্তির কথা জিও এক বিবৃতি ও ফেইসবুকের ব্লগ পোস্টে জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফেইসবুকের হোয়াটসঅ্যাপ সেবা ব্যবহার করেন ভারতের ৪০ কোটি মানুষ। হোয়াটসঅ্যাপ দেশটিতে এরই মধ্যে পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেয়ে গেছে। ফেইসবুক বিবৃতিতে জানিয়েছে, ভারতের প্রতি প্রতিশ্রুতি অনুযায়ী তারা এ পদক্ষেপ নিয়েছে। এটিই অন্য কোনো কোম্পানিতে এখন পর্যন্ত তাদের বড় বিনিয়োগ। 

বিবৃতিতে রিলায়েন্স জিও জানিয়েছে, এই বিনিয়োগের মাধ্যমে  ফেইসবুক জিওর সংখ্যালঘু শেয়ারহোল্ডারে পরিণত হবে, অন্যদিকে কোম্পানিটির মূল্য বেড়ে ৬ হাজার ৬০০ কোটি ডলারে উন্নীত হবে।

২০১৬ সালে জিও সেবা প্রতিষ্ঠা করেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। যাত্রা শুরুর পর থেকে রিলায়েন্স গ্রুপ হয়ে ওঠে ভারতের একমাত্র স্থানীয় কোম্পানি যারা মোবাইল টেলিকম, হোম ব্রডব্যান্ড ও ই-কমার্সের বাজারে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। জিওর বর্তমান গ্রাহকসংখ্যা প্রায় ৩৯ কোটি।

জিও প্রতিষ্ঠা করতে গিয়ে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের কারণে ভারতীয় এই শীর্ষ শিল্পগোষ্ঠী বেকায়দায় পড়ে যায়।  ফেইসবুকের কাছে ১০ শতাংশ শেয়ার বিক্রির ফলে আগামী বছরের মার্চের মধ্যে রিলায়েন্স গ্রুপ নিট ঋণ পরিশোধের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাজ্যের কনসালট্যান্সি ফার্ম পিডব্লিউসির তথ্য অনুযায়ী ফেইসবুক ও এর হোয়াটসঅ্যাপ মেসেজিং প্ল্যাটফর্ম সম্প্রসারণে ভারতকে মূল বাজার হিসেবে দেখা হচ্ছে। ২০২২ সাল নাগাদ দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮৫ কোটিতে উন্নীত হবে। এ কারণেই ভারতীয় টেলিযোগাযোগ প্ল্যাটফর্ম ও যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টরা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে। গত বছর যুক্তরাষ্ট্রের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ভারতে ক্লাউড কম্পিউটিং ব্যবসা শুরুর জন্য জিওর সঙ্গে জোটবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত