কুষ্টিয়ায় এক পুলিশ সদস্যসহ তিন উপজেলায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। জেলায় প্রথমবারের মতো একদিনেই তিনজন করোনা রোগী শনাক্ত হলো বলে নিশ্চিত করলেন কুষ্টিয়া সিভিল সার্জন।
গতকাল বুধবার বিকেলে জেলায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।
আক্রান্তদের মধ্যে মাহাবুব আহম্মেদ চপ্পল (৩০) মাদারীপুর জেলায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অফিসার পদে কর্মরত আছেন। গত ২৫ মার্চ তিনি মাদারীপুর থেকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে আসেন। পুলিশ সদস্য আতাউলকে (৩৪) গত মঙ্গলবার রাতে তার মোবাইলে খুদে বার্তার মাধ্যমে করোনাভাইরাস পজিটিভের সংবাদ জানানো হলে কর্মস্থল ঢাকার রাজারবাগ থেকে পালিয়ে খোকসায় নিজ বাড়িতে চলে আসেন তিনি। কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামের আক্কাস আলী (৬৯) শ্যালো ইঞ্জিনে তৈরি যন্ত্র দিয়ে গ্রামের বাড়ি বাড়ি ধান মাড়াইয়ের কাজ করেন।
এদিকে গত ২০ এপ্রিল বিকেলে আক্কাস আলী এবং মাহাবুব আহম্মেদ চপ্পল দুজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরের দিন সকালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে। গতকাল সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস পরীক্ষার ল্যাব থেকে নমুনা পরীক্ষার ফলাফলে দুজনেরই পজিটিভ জানানো হয়েছে।
