সাবেক পিএসসি চেয়ারম্যান ড. সা’দত হুসাইন মারা গেছেন

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৪:২৯ এএম

সাবেক মন্ত্রিপরিষদ সচিব, পিএসসির সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। সা’দত হুসাইনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সা’দত হুসাইন কিডনির জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। গত ১৩ এপ্রিল থেকে অচেতন অবস্থায় ছিলেন তিনি। তার ছেলে শাহজেদ সা’দত জানান, তার বাবা ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে ছিলেন। কিডনি জটিলতা, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে আক্রান্ত ছিলেন। চিকিৎসকরা রাত ১০টা ৪৯ মিনিটে তার মৃত্যু ঘোষণা করেন।

করোনাভাইরাস সংকটের এই সময়ে বৃহস্পতিবার ঢাকায় লাশ দাফনের প্রস্তুতি নিয়েছে তার পরিবার।

শাহজেদ বলেন, এখন আমি, দুই বোন, মা-খালা পারিবারিকভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

সা’দত হুসাইন ২০০২-০৫ সালে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে ছিলেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সা’দত হুসাইন ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন। ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন সা’দত। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে প্রবাসী সরকারে যেভাবে দায়িত্ব পালন করেন, তা তিনি লিখে গেছেন ‘মুক্তিযুদ্ধের দিন-দিনান্ত’ বইয়ে। অবসর জীবনে তিনি আরও লেখালেখি করছেন। এছাড়া তিনি একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত