অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা করোনাভাইরাসের একটি টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করবে যুক্তরাজ্য। আজ বৃহস্পতিবার থেকেই শুরু হবে এই পরীক্ষা। দেশটিতে প্রম ধাপে পরীক্ষার আওতায় আনা হবে ৫০০ জনকে। এদিকে জার্মানিতেও চলতি মাসের শেষ নাগাদ মানবদেহে সম্ভাব্য টিকা দেওয়ার পরীক্ষা শুরু হবে।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে প্রমেই ৫৫ থেকে ৭০ বছর বয়সী সুস্থ মানুষের শরীরে প্রয়োগ করা হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা এই টিকা। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকলে আরও মানুষকে অন্তর্ভুক্ত করা হবে এই ট্রায়ালে। আর তা পুরোপুরি মানুষের শরীরে প্রয়োগ করা যাবে সেপ্টেম্বরে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, করোনাভাইরাসের টিকা আবিষ্কারে নেতৃত্ব দেওয়া দুটি বিশ্ববিদ্যালয় ইম্পেরিয়াল কলেজ লন্ডন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ৪২.৫ মিলিয়ন পাউন্ড দেবে সরকার। তিনি বলেন, আশাব্যঞ্জক এই দুটি প্রজেক্টের দ্রুত অগ্রগতি হচ্ছে এবং এর নেতৃত্বে থাকা বিজ্ঞানীদের আমরা বলেছি, আমাদের সামর্থ্যরে পুরোটা দিয়ে তাদের সহায়তা করব। এদিকে বিবিসির আরেকটি খবরে বলা হয়েছে, জার্মানিতেও করোনাভাইরাসের টিকা দেওয়া হবে ২০০ জনের শরীরে। এ মাসের শেষ নাগাদ মানবদেহে সম্ভাব্য টিকা দেওয়ার পরীক্ষা শুরু করবে দেশটি। জার্মান কোম্পানি বায়োএনটেক মার্কিন কোম্পানি ফাইজারের সাথে করোনাভাইরাসের টিকা উদ্ভাবন নিয়ে কাজ করছে। কোম্পানিটির তরফ থেকে বলা হয়েছে, এই গবেষণায় দু’শ’র মতো স্বেচ্ছাসেবীকে এই টিকা দেওয়া হবে। তাদের বয়স ১৮ থেকে ৫৫। মানবেদেহে এই পরীক্ষা চালানোর জন্য জার্মান কর্তৃপক্ষ তাদের অনুমতিও দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্ফান বলেছেন, জার্মানিতে এই টিকা তৈরির এতটা অগ্রগতি একটি ভালো ইঙ্গিত। একই সাথে মনে রাখতে হবে যে, এটা করতে কয়েক মাস লাগবে। এটা শরীরে দেওয়া হবে এমন একটি ইঞ্জেকশন। এ ধরনের টিকার জন্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দেশ দুটির মতো যুক্তরাষ্ট্র ও চীনেও এ ধরনের পরীক্ষা শুরু হচ্ছে।
