ব্যবহারকারীদের ‘বিশ্বাস আর আস্থা অর্জন করতে’ নতুন ভার্সন আনছে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। প্রতিষ্ঠানটির এক মুখপাত্রকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, সামনের সপ্তাহে যেকোনো সময় জুম ৫.০ ভার্সন আসবে।
লকডাউনের সময় জুম তুমুল জনপ্রিয়তা অর্জন করার পাশাপাশি সমালোচনার মুখেও পড়ে। ফেইসবুকের কাছে ব্যবহারকারীদের ডেটা বিক্রির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। একই সঙ্গে ‘ভুল’ এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সিকিউরিটিরও দাবি করে তারা। এর সঙ্গে যোগ হয় তথাকথিত ‘জুমবোম্বিং’ সমস্যা-যেখানে অনাহুত ব্যক্তি ইনভাইট ছাড়াই আলাপের ভেতর ঢুকে পড়ছিলেন।
‘আমরা ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে এবং বিশ্বাস ফিরিয়ে আনতে সব সময় সচেষ্ট,’ জুমের প্রধান নির্বাহী এরিক ইউয়ান বলেন, ‘এর জন্য সব চেষ্টাই আমরা করছি।’
জুমের প্রাইভেসি নিয়ে প্রশ্ন ওঠার পর ব্রিটেন সরকার তাদের মন্ত্রীসভার মিটিংয়ে এই অ্যাপ ব্যবহার নিয়ে প্রশ্ন তোলে। স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক তার প্রতিষ্ঠানের কার্যক্রমে জুম নিষিদ্ধ করেন। নাসাও অ্যাপটি ব্যবহার থেকে নিজেদের বিরত রাখে।
এই অবস্থায় চলতি মাসের শুরুতে জুম জানায়, প্রাইভেসি সমস্যা সমাধানের আগে তারা কোনো ধরনের নতুন ফিচার ডেভেলপ করবে না।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, জুম ৫.০ ভার্সনে এনক্রিপশন ফিচার আরও শক্তিশালী করা হয়েছে।
এই ফিচার মূলত তৃতীয় পক্ষের হাত থেকে ব্যবহারকারীর তথ্য রক্ষা করার একটি প্রযুক্তি। যখন আপনি অন্য কারোর সঙ্গে কলিং অ্যাপ ব্যবহার করে কথা বলেন, তখন এই ফিচারটি গোপন একটি কোডের সাহায্যে আলাপনকে শুধু আপনাদের ভেতরই সীমাবদ্ধ রাখে।
